দেশে ডিজিটাল নিরীক্ষা ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হয়েছে
দেশের সরকারি প্রতিষ্ঠানের নিরীক্ষা বা অডিট কার্যক্রম দ্রুত নিষ্পত্তি ও অধিকতর ফলপ্রসূ করতে ‘ডিজিটাল অডিট ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করেছে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়।গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে নতুন এই পদ্ধতির উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। এই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলের অডিট ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি) আহমেদ আতাউল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান। স্বাগত বক্তব্য দেন উপমহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আমীর খসরু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাক, তার ও দূরালাপনি অডিট অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন। ডিজিটাল অডিট ম্যানেজমেন্ট সিস্টেম চালু উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘বাজেটের আকার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কার্যকর নিরীক্ষার প্রয়োজনীয়তাও বহু গুণে বেড়ে গেছে। কার্যকর ও স্বাধীন নিরীক্ষাব্যবস্থা দেশে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।’ স্পিকার আরও বলেন, ডিজিটাল অডিট দেশের নিরীক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কার্যকর ব্যবস্থায় পরিণত করতে সহায়তা করবে। এর ফলে সরকারের অর্থ প্রশাসনে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আবদুল হামিদ বলেন, ‘বর্তমান (নবম) সংসদের সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির এখন পর্যন্ত জাতীয় সংসদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক বৈঠক করেছে। এর ফলে নিরীক্ষা আপত্তির জট অনেকাংশে কমেছে।’সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি ব্যয় সঠিকভাবে হচ্ছে কি না এবং তা সত্যিকার অর্থে কাজে লাগছে কি না, সেই বিষয়টি বিশেষভাবে নজরে নেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান স্পিকার। বিশেষ অতিথি বলেন, ‘ডিজিটাল অডিট দুর্নীতি কমাতে সহায়তা করবে। পাশাপাশি এটি সুশাসন প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’ মানুষের জীবনকে সহজ ও সাধারণ করে তোলার ব্রত নিয়ে কাজ করতে তিনি অডিটরদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানেই অডিটের বীজ রোপিত আছে।অনুষ্ঠানে আহমেদ আতাউল হাকিম জানান, নবম সংসদ গঠিত হওয়ার পর সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটিকে ৫২৯টি অডিট প্রতিবেদনের সাড়ে পাঁচ হাজারেরও বেশি অনুচ্ছেদ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে তিন হাজারের বেশি অডিট আপত্তির নিষ্পত্তি হয়েছে। যার ফলে এই সময়ে এক হাজার ২২৭ কোটি টাকা আদায় হয়েছে। তিনি বলেন, সারা দেশের ছড়িয়ে-ছিটিয়ে থাকা অডিটরদের মধ্যে যে যোগাযোগ ঘাটতি রয়েছে, তা কমিয়ে আনতে হবে। নতুন পদ্ধতি এতে সহায়তা করবে। সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে নতুন এই পদ্ধতি চালু করা হয়েছে, যা তথ্যপ্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।