দেশে তৈরি দুটি জাহাজ রপ্তানি হচ্ছে জার্মানিতে
বাংলাদেশে তৈরি প্রায় ১৬০ কোটি টাকা মূল্যের দুটি বিশেষায়িত জাহাজ রপ্তানি হচ্ছে জার্মানিতে। আজ শুক্রবার সকালে ‘গ্রোনা এ্যামারসাম’ ও ‘গ্রোনা বিয়েসসাম’ নামের এই দুটি জাহাজ তুলে দেওয়া হবে জার্মানির একটি কোম্পানির কাছে। বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দেশীয় প্রকৌশলীরা চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে এই দুটি জাহাজ একসঙ্গে তৈরি করেছেন।গতকাল বৃহস্পতিবার নগরের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন, পরিচালক জালাল খালেদ, জাহাজমালিক গ্রোনা শিপিংয়ের প্রতিনিধি মার্কু ভেডর এবং প্রকল্প পরিকল্পনা সমন্বয়কারী ইস্ট উইন্ড জার্মানির লারস ব্রেনেকি বক্তব্য দেন।ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘এই দুটি জাহাজ তৈরিতে সময় লেগেছে প্রায় দেড় বছর। ইউরোপের বাজারে জাহাজ রপ্তানির এই অর্জন শুধু ওয়েস্টার্ন মেরিনের নয়, বাংলাদেশেরই অর্জন। স্বাধীনতার পর আমাদের যেসব বড় অর্জন হয়েছে, সেগুলোর মধ্যে জাহাজ নির্মাণশিল্পও একটি।’কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন বলেন, শুধু জার্মানির গ্রোনা শিপিং প্রায় ৯০০ কোটি টাকা দামের ১২টি জাহাজ রপ্তানির আদেশ দিয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডকে। এই ১২টির মধ্যে প্রথম দুটি জাহাজ চট্টগ্রাম থেকে হস্তান্তর করা হচ্ছে। জাহাজ দুটির মান নিয়ে সন্তষ্ট আমদানিকারকেরা।প্রসঙ্গত, ৩৮টি ইউরোপীয় কোম্পানির পণ্য দিয়ে তৈরি এই দুটি জাহাজে তিন হাজার টন লোহা, ২২ কিলোমিটার মেরিন কেব্ল এবং মরিচা প্রতিরোধ ও সৌন্দর্য বর্ধনের জন্য ২৪ হাজার লিটার রং ব্যবহার করা হয়েছে। প্রায় ১০০ মিটার লম্বা এই জাহাজে পণ্যের ধারণক্ষমতা পাঁচ হাজার ২০০ টন।বহুমুখী ব্যবহারের জন্য তৈরি হলেও এই দুটি জাহাজে সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্পের যন্ত্রপাতি পরিবহন করা হবে। জাহাজ দুটি হিমশীতল ও প্রতিকূল পরিবেশে স্বাচ্ছন্দ্যে চলাচলে সক্ষম। সেন্ট জনসের পতাকাবাহী জাহাজ দুটির গতি ১২ নটিক্যাল মাইল। আন্তর্জাতিক নৌ সংস্থার সর্বশেষ নির্দেশনা এবং জার্মানশিয়র লয়েডের নিবিড় তত্ত্বাবধানে জাহাজ দুটি নির্মাণ করা হয়েছে। ১৫ নভেম্বর সমুদ্র পরিদর্শন (সি ট্রায়ালের) শেষে আমদানিকারক সন্তষ্ট হওয়ার পর জাহাজ দুটি তুলে দেওয়া হচ্ছে মালিকপক্ষের কাছে।সংবাদ সম্মেলনে গ্রোনা শিপিং কোম্পানির প্রতিনিধি মার্কু ভেডর বলেন, ‘আমাদের চাহিদার শতভাগের বেশি প্রত্যাশা পূরণ করেছে নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। জাহাজ দুটির মানও উচ্চপর্যায়ের।’ জাহাজ নির্মাণে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড গর্ব করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মার্কু ভেডর এ পর্যন্ত প্রায় ৩০০টি জাহাজের সমুদ্র পরিদর্শন তদারকি করেছেন।সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা জানান, ব্যাংকের সুদের হার কমিয়ে আনা হলে এই শিল্পের আরও বিকাশ হবে। আর এই শিল্প পরিবেশের দূষণ করছে না। সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।মাহফুজ আনাম বলেন, ‘এটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রযুক্তিগত পণ্য তৈরিতেও আমরা এখন বিশ্বের দরবারে স্থান করে নিয়েছি। বাংলাদেশে আন্তর্জাতিকমানের জাহাজ তৈরি হচ্ছে, এই গর্ব বাংলাদেশের।’মতিউর রহমান বলেন, ‘জাহাজ রপ্তানিতে কয়েক শ বছর আগের ঐতিহ্য নতুনভাবে ফিরিয়ে আনছি আমরা। এটা আমাদের গর্ব। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা তারই প্রমাণ।’