দেশে তৈরি হলো নতুন কনটেইনার জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশে সাধারণ পণ্যবাহী বা বহুমুখী পণ্য পরিবহনের উপযোগী জাহাজ নির্মাণের গল্প এখন পুরোনো। নতুন খবর হলো, দেশীয় প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড প্রথমবারের মতো অভ্যন্তরীণ নদীপথের জন্য ছোট আকারের একটি কনটেইনার জাহাজ নির্মাণ করেছে।
চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কনটেইনার টার্মিনালে চলাচল করবে জাহাজটি। নতুন এই জাহাজের নাম দেওয়া হয়েছে ‘এমভি হারবোর-১’। জাহাজটি ১৭৬ একক কনটেইনার পরিবহনে সক্ষম। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ২৪ কোটি টাকায় ঢাকার নিপা পরিবহন লিমিটেডের জন্য এই জাহাজটি নির্মাণ করেছে। এটি লম্বায় ৮২ দশমিক ৫ মিটার।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কর্মকর্তারা জানান, জাহাজটি গতকাল মঙ্গলবারই সাগরে ভাসানো হয়েছে। আগামী এক মাসের মধ্যে জাহাজটি নিপা পরিবহন লিমিটেডের কাছে হস্তান্তর করা হবে। তাঁরা আরও বলেন, ওয়েস্টার্ন মেরিনের শিপইয়ার্ডে একই রকম আরও তিনটি জাহাজের নির্মাণকাজ শেষের পথে। কয়েক মাসের মধ্যে জাহাজ তিনটির নির্মাণকাজ শেষ হবে।
চট্টগ্রাম-পানগাঁও পথে ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের তিনটি পুরোনো জাহাজ অনিয়মিতভাবে চলাচল করছে। এই তিনটি জাহাজ বিদেশ থেকে কেনা হয়। এসব জাহাজ পরিচালনার জন্য সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডকে হস্তান্তর করা হচ্ছে আজ বুধবার।
এর আগে দেশ বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড একটি বার্জকে কনটেইনার জাহাজে রূপান্তর করেছে। জাহাজটি এখন চট্টগ্রাম-কলকাতা পথে কনটেইনার পরিবহন করছে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এর আগে বহুমুখী পণ্য পরিবহনকারী বেশ কয়েকটি জাহাজ রপ্তানি করেছে।