দেশে থাই ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের উদ্যোক্তাদের বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, রপ্তানিমুখী শিল্প, বস্ত্র, কৃষি, চামড়া, তথ্যপ্রযুক্তি ও হালকা শিল্প খাত এবং রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগের আহ্বান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে থাইল্যান্ডের ব্যবসায়ীদের এই দেশে বিনিয়োগ করতে হবে।রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে গতকাল শনিবার বাংলাদেশ-থাইল্যান্ড বিজনেস ফোরাম ও বিজনেস ম্যাচিং-২০১২ অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও থাইল্যান্ডভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ফিসক্যাল পলিসি রিসার্চ ইনস্টিটিউট (এফপিআরআই) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা চেম্বারের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পিরামল চাওরেনপাও, বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এ মোমেন, থাইল্যান্ড-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (টিবিসিসি) সভাপতি মিংপ্যান্ট চায়া, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, জ্যেষ্ঠ সহসভাপতি হায়দার আহমদ খান, পরিচালক এম বশির উল্লাহ ভূঁইয়া, খায়রুল মজিদ মাহমুদ, সাবেক সভাপতি রাশেদ মাকসুদ খান ও বেনজির আহমদ এবং এফবিসিসিআইয়ের পরিচালক কে এম জামান।দিলীপ বড়ুয়া থাইল্যান্ডের বিনিয়োগকারীদের সরকারি-বেসরকারি অংশীদারের (পিপিপি) আওতায় অবকাঠামো খাতে বিনিয়োগের প্রস্তাব দেন।আসিফ ইব্রাহীম বাংলাদেশকে থাইল্যান্ডের ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান বলে উল্লেখ করে বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য এখনো থাইল্যান্ডের অনুকূলে রয়েছে। পিরামল চাওরেনপাও বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও বিমসটেকের অন্তর্ভুক্ত দেশগুলোর প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করেন।এম এ মোমেন বলেন, বিদেশি উদ্যোক্তাদের এ দেশে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা খুবই কম।মিংপ্যান্ট চায়া বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সুযোগ নিতে দুই দেশের উদ্যোক্তাদের আরও বেশি বিনিয়োগ করতে হবে।