বাংলাদেশের এক কোটি ৬০ লাখ মানুষ গত ১০ বছরে দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা এমন তথ্যকে আশার দিক হিসেবে দেখছেন দেশের অর্থনীতিবিদ ও বিশিষ্টজনেরা।তবে যে পদ্ধতিতে বিশ্বব্যাংক দারিদ্র্য পরিমাপ করে থাকে, তা নিয়ে প্রশ্ন রয়েছে অর্থনীতিবিদদের। তাদের মতে, দারিদ্র্য একটি বহুমাত্রিক বিষয়। একটি সূচক দিয়ে বিচার করলে দারিদ্র্য সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব নয়।রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শনিবার এক গোলটেবিল বৈঠকে এমন মত উঠে আসে। ‘বাংলাদেশের দারিদ্র্য বিমোচন কার্যক্রম: বিশ্বব্যাংকের মূল্যায়ন প্রতিবেদনের একটি পর্যালোচনা’ শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করে হাঙ্গার প্রজেক্ট।উল্লেখ্য, গত ২০ জুন ‘দারিদ্র্য মূল্যায়ন প্রতিবেদন’ প্রকাশ করে বিশ্বব্যাংক। এতে বলা হয়, ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশের এক কোটি ৬০ লাখ মানুষ। দারিদ্র্য কমছে প্রতিবছর ১ দশমিক ৭ শতাংশ হারে। জনসংখ্যা বৃদ্ধি সত্ত্বেও ১০ বছরে ২৬ শতাংশ দারিদ্র্য কমেছে। ২০০০ সালে দরিদ্র মানুষের সংখ্যা ছিল যেখানে ছয় কোটি ৭০ লাখ, ২০১০ সালে এসে তা দাঁড়ায় চার কোটি ৭০ লাখে। ২০০৭ ও ২০০৮ সালের বৈশ্বিক মন্দাও বাংলাদেশের দারিদ্র্য হ্রাসের গতিকে শ্লথ করে দিতে পারেনি। বিশ্বব্যাংক আরও বলেছে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অনুযায়ী ২০১৫ সালে বাংলাদেশের দারিদ্র্যের হার নেমে আসার কথা ২৬ দশমিক ৫১ শতাংশ। বাংলাদেশের ২০১০ সালের দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫০ শতাংশ। প্রতিবছর যে হারে কমছে তাতে চলতি বছর শেষেই অর্জিত হয়ে যাবে ২০১৫ সালের লক্ষ্যমাত্রা। অর্থাৎ দুই বছর আগেই লক্ষ্যমাত্রা অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ।আলোচনা: গোলটেবিল আলোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ২০০৫ সাল থেকে শুরু করে ২০১০ সাল পর্যন্ত দারিদ্র্য বিমোচনে দেশের সাফল্য একটি জাতীয় অর্জন। এটা কোনো সরকারের একক সাফল্য নয়। এ সময় তিনটি সরকার ক্ষমতায় ছিল। তাই দারিদ্র্য বিমোচনের সংখ্যা নিয়ে যেন রাজনীতি না হয়, সে দিয়ে সবার নজর রাখতে হবে। বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাংকের প্রতিবেদনে দারিদ্র্য বিমোচনের সাফল্যের কথা উঠে এসেছে। যদিও দারিদ্র্য বিমোচন নির্ধারণ পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে। দেবপ্রিয় বলেন, বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষিক্ষেত্রে অগ্রগতি দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রেখেছে। এ সময় কৃষক কী দামে উপকরণ কিনেছেন এবং কী দামে ফসল বিক্রি করেছেন, সেদিকে নজর দিলেই বোঝা যাবে দারিদ্র্য বিমোচনে কোন বিষয়টি সবচেয়ে সহায়তা করেছে। আলোচ্য সময়ে আন্তর্জাতিক বাজারে বাজারব্যবস্থার কারণে এটা হয়েছে, শ্রমের মজুরি বাড়ানোর জন্য নয়। দেশে প্রবাসী-আয় (রেমিট্যান্স) সম্পর্কে যে উচ্চ ধারণা রয়েছে প্রতিবেদনে বিষয়টি সেভাবে আসেনি।বিশ্বব্যাংকের প্রতিবেদনে আয়বৈষম্য, সঞ্চয়ের হার ও আঞ্চলিক বৈষম্য কমেছে বলা হলেও এসব কতটা কমেছে সে বিষয়ে প্রশ্ন তোলেন দেবপ্রিয়। গোলটেবিলের সভাপতি ও সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, শুধু আয়ের ভিত্তিতে নয়, বরং ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসকারী জনগোষ্ঠীকেও দরিদ্র বলে গণ্য করা উচিত। ২০০০ সালের তুলনায় এখন দেশের দারিদ্র্য-পরিস্থিতির যথেষ্ট উন্নতি হলেও বিশাল এক জনগোষ্ঠী ঝুঁকির মধ্যে বাস করছে। এ জনগোষ্ঠীকে ঝুঁকিমুক্ত উপায়ে বসবাসের সুযোগ দেওয়াও হবে দারিদ্র্য বিমোচনের অংশ।এ ধরনের প্রতিবেদন দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ও জাতীয় প্রেক্ষাপটে বাস্তবায়ন সম্ভব এমন সুপারিশ দেওয়ার জন্য বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান রেহমান সোবহান।বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরী মনে করেন, দারিদ্র্য বহুমাত্রিক হলেও একমাত্রিক সূচক ধরে পরিমাপ করায় দারিদ্র্য বিমোচনের সঠিক চিত্র ফুটে ওঠে না। তিনি বলেন, ১০ বছরে শ্রমবাজারে গতিশীলতার কারণে দারিদ্র্যের হার কমেছে। কৃষি ও অকৃষি খাতের মধ্যে একটি ইতিবাচক ধারা সৃষ্টি হয়েছে। আগামী দিনগুলোতে এগুলো কতটা বজায় থাকে, তা-ই দেখার বিষয়। মুজেরী আরও বলেন, দুর্নীতি ও বৈষম্য দারিদ্র্য বিমোচনে খুব গুরুত্বপূর্ণ। এগুলো কমাতে না পারলে দারিদ্র্য বিমোচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, চার পদ্ধতিতে দারিদ্র্য বিমোচনের হার নির্ধারণ করা যায়। ভিন্ন ভিন্ন এসব পদ্ধতিতে ফলাফলও আসে ভিন্ন। এ জন্য কোন পদ্ধতিতে এটা করা হবে, সেটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশের অর্থনীতিতে রপ্তানি আয় বড় ভূমিকা রাখলেও বিশ্বব্যাংকের প্রতিবেদনে তার উল্লেখ নেই। প্রতিবেদনে বলা হয়েছে, কৃষিক্ষেত্রের অবদানের কারণে দারিদ্র্যের হার কমেছে, যা দেশের অর্থনৈতিক চিত্রের সঙ্গে মেলে না। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, দারিদ্র্য কমলেও ২০০৫-০৬ সালে অর্থনৈতিক যে ধারা ছিল, ২০১৩ সালেও সে একই ধারা আছে। হাঙ্গার প্রজেক্টের আবাসিক পরিচালক বদিউল আলম মজুমদার বলেন, বিশ্বব্যাংকের প্রতিবেদনে দারিদ্র্যের পরিমাপ করা হয়েছে ন্যূনতম চাহিদা মূল্যের (কস্ট অব বেসিক নিডস) পদ্ধতি ব্যবহার করে। এ পদ্ধতিতে দারিদ্র্য পরিমাপ সঠিক নয়। বিশ্বব্যাংকের প্রতিনিধি ইফফাত শরীফ বলেন, নারীদের অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া দরিদ্রের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে বর্তমানে কর্মহীন তরুণদের সংখ্যা বাড়ছে। তাই দারিদ্র্য হ্রাসের জন্য তরুণ সমাজকে কর্মে নিয়োজিত করার বিকল্প নেই।