দেশে দারিদ্র্য নিয়ে খুব বেশি ব্যবসা চলছে: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলছেন, ‘দেশে দারিদ্র্য নিয়ে খুব বেশি ব্যবসা চলছে। দেশে এমন কোনো লোক নেই যে ভাত না খেয়ে থাকে। তার পরও দারিদ্র্য নিয়ে ব্যবসা চলছে। দেশে দরিদ্র লোকের সংখ্যা সত্যিই বাড়ছে, না কমছে—সে প্রশ্ন আজ দেখা দিয়েছে।’আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘প্রান্তিক মানুষের খাদ্য ও কাজ: প্রেক্ষিত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনামুল হক মোস্তফা শহীদ বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক গবেষণায় দেখা গেছে, দেশে যত ভিক্ষুক আছে, তাদের মধ্যে মাত্র দুই থেকে তিন শতাংশ প্রয়োজনে ভিক্ষা করে। বাকিরা ব্যবসায়িক প্রয়োজনে ভিক্ষা করে। তিনি আরও বলেন, দেশের ৪০ থেকে ৪৫ শতাংশ মানুষকে বয়স্ক ভাতার আওতায় আনা যায়। বর্তমানে ২৫ লাখ মানুষকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। আর এর আর্থিক পরিমাণ ৮৭০ কোটি টাকা।মন্ত্রী বলেন, ‘আইলা ও সিডর বিক্রি করে আমরা আর কত দিন খাব। এ ঘটনায় কত বিদেশি ফান্ড এসেছে, কতটি এনজিও অর্থ পেয়েছে, কী পরিমাণ অর্থ আত্মসাৎ হয়েছে, সেটি কেউ বিবেচনা করছে না।’অনুষ্ঠানে ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, প্রান্তিক মানুষের সংহতির আহ্বায়ক মহসিন আলী প্রমুখ বক্তব্য দেন। ১১টি বেসরকারি সংগঠনের প্লাটফর্ম প্রান্তিক মানুষের সংহতি অনুষ্ঠানটির আয়োজন করে।