দেশে দারিদ্র্য বিমোচনে ডরপের স্বপ্ন প্যাকেজ বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ মেয়াদে দারিদ্র্য বিমোচনে রাষ্ট্রীয়ভাবে বেসরকারি সংস্থা ডরপের ‘স্বপ্ন প্যাকেজ’ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।সংস্থাটির ঢাকার শেওড়াপাড়ার কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানানো হয়। এতে বলা হয়েছে, দেশের চারটি উপজেলায় পরীক্ষামূলকভাবে স্বপ্ন প্যাকেজ কার্যক্রম বাস্তবায়ন করে দেখা গেছে যে এর মাধ্যমে দারিদ্র্য, প্রতিবন্ধিত্ব ও বাল্যবিবাহের হার হ্রাস, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সফলতা পাওয়া গেছে।প্রেস ব্রিফিংয়ে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ডরপের পক্ষ থেকে ২০ বছর মেয়াদি ‘স্বপ্ন প্যাকেজ’ তুলে ধরা হয়। এতে বক্তব্য দেন ডরপের প্রতিষ্ঠাতা ও মহাসচিব এ এইচ এম নোমান, স্বপ্ন কার্যক্রমের সমন্বয়কারী বাবুল অধিকারী, পরামর্শক আজহার আলী তালুকদার, কালীগঞ্জ উপজেলা মা সংসদের স্পিকার অর্পিতা রানী দাস, স্বপ্ন প্যাকেজের সুবিধা পাওয়া এক মা স্বপ্না আক্তার প্রমুখ।অনুষ্ঠানে সরকারের কাছে পাঁচটি দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: দেশের সাতটি বিভাগে পরীক্ষামূলকভাবে ‘স্বপ্ন প্যাকেজ’ বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ, প্রতিটি ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত মায়ের সংখ্যা ১৭ থেকে বাড়িয়ে ৫০ জনে ও ভাতার পরিমাণ ৩৫০ থেকে ৫০০ টাকায় উন্নীতকরণ, জাতীয়ভাবে দারিদ্র্য বিমোচন কর্তৃপক্ষ গঠন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ‘পাবলিক প্রাইভেট পুওর পার্টনারশিপ’ (পিপিপিপি) গঠন করা। বিজ্ঞপ্তি।