দেশে দুই হাজার শিল্পোদ্যোক্তা তৈরি করবে ডিসিসিআই
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) দেশে পরিকল্পিত শিল্পায়নের উদ্যোগ জোরদার করতে দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে।এ লক্ষ্যে সংগঠনটি তরুণ ও মেধাবীদের চিহ্নিত করে প্রয়োজনীয় অর্থায়ন, তথ্যসেবা ও প্রশিক্ষণ দেবে। এর ফলে দেশে প্রায় ৪০ হাজার লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তারা আশা করছে।ডিসিসিআইয়ের নবনির্বাচিত নেতারা গতকাল বুধবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে তাঁর মন্ত্রণালয়ের কার্যালয়ে বৈঠককালে এ তথ্য জানান। বৈঠকে ডিসিসিআইয়ের সভাপতি মো. সবুর খান, জ্যেষ্ঠ সহসভাপতি নেসার মাকসুদ খান, সহসভাপতি আবসার করিম চৌধুরী, পরিচালক হায়দার আহমদ খান, হুমায়ুন রশিদ, এম আবু হোরায়রা, খন্দকার শহীদুল ইসলাম ও আবদুস সালাম এবং যুগ্ম শিল্পসচিব মো. খলিলুর রহমান সিদ্দিকী উপস্থিত ছিলেন।শিল্পমন্ত্রী বলেন, সরকার দেশীয় শিল্পের সুরক্ষায় আমদানি বিকল্প শিল্পপণ্যের কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড় দেবে। জাতিসংঘের শিল্পবিষয়ক সংস্থা ইউনিডোর সহায়তায় জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান বিএসটিআইয়ের আধুনিকায়ন ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) সক্ষমতা বাড়ানো হবে।বৈঠকে ডিসিসিআইয়ের নেতারা সাম্প্রতিক হরতালে ব্যাংক, বিমা ও এটিএম বুথসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক শোরুম ও চেম্বার ভবন, হাসপাতাল এবং পণ্য পরিবহনকারী যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।