দেশে দ্রুত নিরীক্ষা আইন প্রণয়ন করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কোনো নিরীক্ষা আইন নেই। অথচ স্বাধীনতা-পরবর্তী ১৯৭৩ সালে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় প্রতিষ্ঠার পর থেকেই একটি নিরীক্ষা আইনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।অবশেষে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় নিরীক্ষা আইনের একটি খসড়া জমা দেওয়া হয়েছিল অর্থ মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয় এ খসড়া তৈরিতে সহযোগিতা করেছিল। তাও ফাইলবন্দী হয়ে পড়ে আছে দুই বছর। অর্থাত্ অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত নিরীক্ষা আইনের খসড়াটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।রাজধানীর অডিট ভবনে বেসরকারি সংস্থা প্রগতি আয়োজিত সিএজির নিরীক্ষা প্রতিবেদনের ওপর তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে সিএজি আহমেদ আতাউল হাকিম এসব কথা জানান। রোববার থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে সংবাদপত্র ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন। এতে প্রশিক্ষক ছিলেন বাণিজ্যিক অডিট অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম জসিম উদ্দিন, ডেপুটি সিএজি মনীন্দ্র চন্দ্র দত্ত ও পরামর্শক রালফ ফ্রাম্মোলিনো। উদ্বোধনী ও সমাপনী উভয় দিনেই বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন সিএজি।আহমেদ আতাউল হাকিম জানান, সাংবিধানিকভাবে সিএজির কার্যালয় একটি স্বাধীন সংস্থা। তবে চতুর্থ শ্রেণীর একজন পিয়ন নিয়োগ দেওয়ারও ক্ষমতা নেই সংস্থাটির, আর লোকবলের অভাব তো আছেই। রয়েছে দক্ষ লোকবলেরও সংকট। কাউকে নিয়োগ দিতে না পারার ব্যাপারটি সিএজি কার্যালয়ের মৌল নীতির পরিপন্থী বলেও মনে করেন তিনি।সিএজি বলেন, নিরীক্ষা আইনের যে প্রস্তাবটি ফাইলবন্দী হয়ে পড়ে আছে, তা পাস হলে এসব সমস্যা থাকবে না। প্রয়োজনে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ দিয়ে হলেও কাজ করা যাবে।উদাহরণ দিয়ে সিএজি বলেন, ‘মেডিকেল, প্রকৌশল বা অন্য টেকনিক্যাল খাতের নিরীক্ষা কাজও করাতে হয় ওই বিএ, বিকম পাস লোকদের দিয়েই। সহজেই প্রশ্ন উঠতে পারে, তারা কি এসব খাতের কৌশলগত বিষয়গুলো বোঝে?’সিএজি আরও বলেন, ‘অনেকেরই ধারণা, সিএজি শুধু চোর ধরতে ব্যস্ত। এটি ভুল। সিএজির সঙ্গে সরকারের কোনো দ্বন্দ্ব নেই, কখনোই থাকে না। অসংগতি ধরিয়ে সরকারের কাজেই বরং সহযোগিতা করা হয়।’নিরীক্ষা কর্মকর্তাদের আর্থিক প্রণোদনা দেওয়া হলে কাজের মান ভালো হবে বলে মনে করেন তিনি। আহমেদ আতাউল হাকিম বলেন, ‘বাইরে নিরীক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের সম্পর্কে যেসব কথা ওঠে, এ দায় স্বীকার করতে দ্বিধা নেই তাঁর। তবে এও ঠিক, সরকারের অন্য যেকোনো বিভাগ বা সংস্থার তুলনায় তা অনেক কম।’রাষ্ট্রপতির কার্যালয়ে নিরীক্ষা প্রতিবেদন পাঠানোর পর এখন থেকে ওয়েবসাইটে তা দেওয়া হবে বলে জানান আতাউল হাকিম। আর এখন থেকে প্রতিটি প্রতিষ্ঠানে একজন করে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (পিএও) নিয়োগের তাগিদ দেন সিএজি।আহমেদ আতাউল হাকিম বলেন, সিএজির নিরীক্ষা প্রতিবেদনে শুধু পর্যবেক্ষণ তুলে ধরা হয়। ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সিএজির নয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কিছু কাজ দেওয়া হচ্ছে। নিরীক্ষা প্রতিবেদন যে গুরুত্বপূর্ণ খবরের উত্স হতে পারে, সে বিষয়ে বক্তব্য তুলে ধরেন রালফ ফ্রাম্মোলিনো। উদাহরণ দিয়ে তিনি বলেন, কানাডায় একটি নিরীক্ষা প্রতিবেদনকে ভিত্তি করে প্রকাশিত পত্রিকার এক খবরের পর এক সপ্তাহের ব্যবধানে তিন হাজার ৮৪৪টি প্রতিবেদন ছাপা হয়েছিল। নিরীক্ষা প্রতিবেদনের বিষয়গুলো বেশি বেশি প্রকাশিত হওয়া উচিত বলে মনে করেন ফ্রাম্মোলিনো। কানাডার সাবেক মহা হিসাব নিরীক্ষক ক্যানিথ এম ডাইয়ের উদ্ধৃতি উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনীতিবিদেরা নিরীক্ষা প্রতিবেদন পড়েন না, তবে খবরের কাগজ পড়েন।’