দেশে নিরীক্ষা আইন প্রণয়নের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর বলেন, বর্তমান সরকার দেশে একটি অডিট বা নিরীক্ষা আইন প্রণয়ন করবে। ভারত ও যুক্তরাষ্ট্রে এ ধরনের আইন আছে।মহীউদ্দীন খান আলমগীর আরও বলেন, প্রয়োজনে জনগণের অর্থের অপব্যবহারকারীদের শাস্তির জন্যও আইন প্রণয়ন করা হবে।গতকাল শনিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বেসরকারি খাতের উন্নয়নে শক্তিশালী সরকারি আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব’ শীর্ষক কর্মশালায় মহীউদ্দীন খান আলমগীর এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এই কর্মশালার আয়োজন করে। আইবিএফবির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) আসিফ আলি।মহীউদ্দীন খান আলমগীর আরও বলেন, ‘আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছে, আর্থিক খাতে এই রাষ্ট্র কোনো কর আরোপ করবে না, যতক্ষণ পর্যন্ত না সংসদ তা অনুমোদন করবে।’বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি ফারুক সোবহান বলেন, সময়মতো অবকাঠামো-সুবিধা পেলে বেসরকারি খাতে ইতিবাচক পরিবর্তন হবে। তিনি আরও বলেন, অনেক সময় দেরিতে অডিট প্রতিবেদন প্রকাশিত হলে এর কার্যকারিতা কমে যায়, ফলে অভিযুক্ত ব্যক্তিরা রেহাই পেয়ে যায়। এ সময় তিনি যুগোপযোগী অডিট আইন প্রণয়নের ওপর গুরুত্ব দেন।কর্মশালায় আরও বক্তব্য দেন সাংসদ সানজিদা খানম ও আবুল কালাম আজাদ।