দেশে নিরীক্ষা আইন হচ্ছে
দেশে নিরীক্ষা আইন হচ্ছে। ইতিমধ্যে আইনটির খসড়া চূড়ান্ত হয়েছে। জাতীয় সংসদের আগামী বাজেট অধিবেশনে এই আইনটি অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। গতকাল শনিবার ‘গণমাধ্যমের নজরদারি: ব্যয়ের জবাবদিহিতা নিশ্চিতকরণ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় সরকারি হিসাব-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম এই তথ্য জানান। মহীউদ্দীন খান আলমগীর বলেন, এত দিন নিরীক্ষা আইন হয়নি। আগেই হওয়া উচিত ছিল। ইতিমধ্যে খসড়াটি অনুমোদন হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী বাজেট অধিবেশনে আইন অনুমোদনের জন্য উত্থাপিত হবে। আহমেদ আতাউল হাকিম জানান, সরকার এখন নিরীক্ষা আইন করার চেষ্টা করছে। সরকারি হিসাব-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বিষয়ে কাজ করছেন। রাজধানীর ব্র্যাক সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনেশিয়েটিভ (এমআরডিআই)। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি দৈনিক দ্য ফাইন্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘সরকারি ব্যয়ের জবাবদিহিতা নিশ্চিত হবে না যদি গণতন্ত্র না থাকে। দৈবচয়নভিত্তিতে সরকারি ব্যয়ের মাত্র ১০ ভাগ নিরীক্ষা করা সম্ভব হয়। সরকারি হিসাব-সংক্রান্ত কমিটির উদ্দেশ্য শুধু কাউকে শাস্তি দেওয়া নয়, লজ্জা দেওয়া নয়; উদ্দেশ্য হলো সংশোধন করা।’ তাঁর মতে, শুধু আর্থিক ব্যবস্থাপনা নয়, বরং কর আহরণ, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনার নিরীক্ষা হওয়া উচিত। আলমগীর আরও জানান, সংবিধানের ১৪৩ অনুচ্ছেদ অনুযায়ী মাটির নিচের সম্পদের অধিকার জনগণের। কিন্তু শেয়াবাজারে তিতাসের শেয়ার ছাড়া এক ধরনের সংবিধানপরিপন্থী কাজ। তবে তিতাস মূলত একটি পরিবেশকপ্রতিষ্ঠান, ভূগর্ভস্থ গ্যাস সম্পদের মালিক নয়।আলমগীরের মতে, দুর্নীতি দমনের দায়িত্ব জাতীয় পর্যায়ে নির্বাচিত কর্তৃপক্ষের হাতে দিতে হবে। বর্তমান দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি নিযুক্তীয় প্রতিষ্ঠান। তাই দুদক নির্বাচিত কর্তৃপক্ষের ওপরে নয়। আহমেদ আতাউল হাকিম বলেন, ‘নিরীক্ষা প্রতিবেদন দুর্নীতি দমনে ভূমিকা রাখবে। সুশাসন নিশ্চিত করার অন্যতম দায়িত্ব ছিল মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের (ওসিএজি)। আমরা তা যথার্থভাবে পারিনি।’হাকিম আরও জানান, গণমাধ্যমের দায়িত্বশীল প্রতিবেদন এই প্রতিষ্ঠানটিকে আরও বেশি কার্যকর ও জনবান্ধব করবে। তিনি আশা করেন, নিরীক্ষা আইন সরকারের এই বিভাগটির কার্যক্রমকে আরও বিশ্বাসযোগ্য করবে। মূল প্রবন্ধ উপস্থাপক ফাইনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, সরকারি কার্যক্রমের পর্যবেক্ষক হিসেবে গণমাধ্যমের দ্বৈত ভূমিকা রয়েছে। প্রথমত দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি; দ্বিতীয়ত পেশাগত ও নীতিগত দিক বিবেচনা করে দুর্নীতিবিষয়ক অনুসন্ধান ও তার প্রতিবেদন প্রকাশ।মোয়াজ্জেম আরও বলেন, অনুকূল পরিবেশ পেলে গণমাধ্যম দেশের গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহি রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। সমাজের সম্ভাব্য সব ক্ষেত্রে গণমাধ্যমের অবাধ প্রবেশাধিকার থাকা প্রয়োজন। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, সরকারি হিসাব-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির পদ বিরোধী দল থেকে দেওয়া উচিত।কিন্তু এই মতের সঙ্গে দ্বিমত পোষণ করে মহীউদ্দীন খান আলমগীর বলেন, বিরোধী দল সংসদে আসে না। সংসদ সর্বাত্মকভাবে কার্যকর না হওয়া পর্যন্ত সভাপতির পদ সরকারি দল থেকে দেওয়া ইপ্সিত হবে।আব্দুল কাইয়ুম আরও বলেন, গণমাধ্যমকর্মীদের নিজেদের স্বচ্ছতা না থাকলে নজরদারির কাজ করতে পারবেন না। এ জন্য প্রতিটি গণমাধ্যমের নিজস্ব নীতিমালা থাকা উচিত। সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক অমূল্য কমার দেবনাথ জানান, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে। কেননা, উন্নয়ন বাজেটের গড়ে ৮০ শতাংশই ব্যয় হয় কেনাকাটা-সংক্রান্ত। বেসরকারি সংস্থা ডি নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান বলেন, সরকারি হিসাব-সংক্রান্ত সংসদীয় কমিটি, ওসিএজি ও সিপিটিইউ হলো সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রাতিষ্ঠানিক কাঠামো। এর বাইরে গণমাধ্যম ও নাগরিক সমাজকেও নজরদারির দায়িত্ব পালন করতে হবে। আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন যোগাযোগবিশেষজ্ঞ এম ইমামুল হক। আরও বক্তব্য দেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।