দেশে পরিসংখ্যান আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিসংখ্যান কর্মকর্তাদের একই সঙ্গে ক্ষমতা প্রদান করে ও শাস্তির আওতায় রেখে দেশে প্রথমবারের মতো পরিসংখ্যান আইন প্রণীত হতে যাচ্ছে। এর ফলে তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ-প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে মনে করা হচ্ছে।ইতিমধ্যে আইনের খসড়া তৈরি করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। খসড়াটি পরিমার্জন ও সংশোধনের জন্য এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিভাগে পাঠানো হয়েছে। পরিসংখ্যান বিভাগ থেকে ঘষামাজার পর তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।ভেটিং করার পর অর্থাৎ প্রচলিত অন্য আইনের সঙ্গে খসড়ায় সাংঘর্ষিক কিছু আছে কি না তা যাচাই শেষে আইন মন্ত্রণালয় থেকে ‘পরিসংখ্যান বিল-২০১০’ আকারে এটি মন্ত্রিপরিষদ সভায় তোলা হবে অনুমোদনের জন্য। মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন মিললে আইন হিসেবে চূড়ান্ত অনুমোদনে জন্য তা জাতীয় সংসদে উত্থাপন করা হবে। যোগাযোগ করা হলে বিবিএসের মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা প্রথম আলোকে বলেন, ‘তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণে পরিসংখ্যান আইন করা হচ্ছে। আইনটি কার্যকর হলে পরিসংখ্যান কর্মকর্তা কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য অন্য কাউকে দিতে পারবেন না। আবার যেকোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের যেকোনো রেকর্ড বা তথ্য তাঁরা চাইতে পারবেন।’ বিবিএসের মহাপরিচালক আরও জানান, প্রয়োজনীয় আইনি ক্ষমতার অভাবে এত দিন ধরে দেশের পরিসংখ্যান কর্মকর্তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছিলেন না। এখন আইনটি হয়ে গেলে তাঁদের জন্য তথ্য সংগ্রহ ও সংরক্ষণ তুলনামূলকভাবে সহজ হবে।পরিসংখ্যান আইন কার্যকর হলে তথ্য অধিকার আইন বাস্তবায়ন-প্রক্রিয়া ব্যাহত হবে কি না জানতে চাইলে বিবিএসের মহাপরিচালক বলেন, ‘তথ্য অধিকার আইনেও সব তথ্য দেওয়ার বিধান নেই। রাষ্ট্রীয় গোপন তথ্য প্রদানের ক্ষেত্রে আইনেই সীমারেখা টেনে দেওয়া হয়েছে।’ খসড়ায় যা আছে: আইনের খসড়া অনুযায়ী, কারও ব্যক্তিগত তথ্য ফাঁস করলে পরিসংখ্যান কর্মকর্তাদের জেল-জরিমানার সম্মুখীন হতে হবে। পরিসংখ্যান আইনের খসড়ায় ১৬টি অনুচ্ছেদ রয়েছে। এসব অনুচ্ছেদের মধ্যে পরিসংখ্যান কর্মকর্তাদের জেল-জরিমানার বিধানটি অন্যতম। খসড়ার ৯(৪) অনুচ্ছেদে ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীদের জেল কিংবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।খসড়া আইন অনুসারে, কোনো পরিসংখ্যান কর্মকর্তা-কর্মচারী কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য কাউকে দিতে পারবেন না। উদাহরণস্বরূপ, আদমশুমারির সময় কোনো ব্যক্তির সম্পদ, খাদ্যাভ্যাসসহ জীবনযাত্রার নানা তথ্য সংগ্রহ করা হয়, যা শুমারি শেষে সংরক্ষিত থাকে। কিন্তু এসব ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যাবে না। শুধু একটি নির্দিষ্ট এলাকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে তথ্য প্রকাশ করা যাবে। এই বিধানের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট পরিসংখ্যান কর্মকর্তার ১০ থেকে ১৫ দিনের জেল দণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দণ্ড আরোপ করা যেতে পারে। অথবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান করা হয়েছে। খসড়া আইনের ৯(৬) অনুচ্ছেদে কোনো ব্যক্তি কোনো তথ্য চাইলে আইনের আওতায় তা সরবরাহ করার ক্ষেত্রে ওই ব্যক্তির পরিচয়পত্র চাওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে পরিসংখ্যান কর্মকর্তাকে। আবার ৯(৭) অনুচ্ছেদে যেকোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের রেকর্ড কিংবা তথ্য চাওয়ার ক্ষমতা পরিসংখ্যান কর্মকর্তাদের দেওয়া হয়েছে। আর কোনো প্রতিষ্ঠান তথ্য প্রদানে অস্বীকৃতি জানালে ওই প্রতিষ্ঠানের শীর্ষ কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাকে এক মাসের জেল কিংবা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। জানা গেছে, রাষ্ট্রীয় পরিসংখ্যানের জন্য এত দিন কোনো আইন ছিল না। শুধু আদমশুমারির জন্য প্রেসিডেনশিয়াল অর্ডার (পিও) ১৯৭২ নামে একটি আদেশ রয়েছে। কিন্তু পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রমের আওতা এখন আর আদমশুমারির মধ্যে সীমাবদ্ধ নেই। কৃষিশুমারি, পশুশুমারিসহ নানা ধরনের শুমারি ও জরিপ করে থাকে বিবিএস। অর্থনীতির প্রায় সব সূচক নির্ধারণে এখন পরিসংখ্যান ব্যুরোর তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়।তাই পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রমকে শক্তিশালী আইনি কাঠামোয় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।