দেশে পাউন্ডের দাম আরও কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের মুদ্রাবাজারে যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের বিনিময় হার কমার প্রবণতা অব্যাহত রয়েছে। অর্থাৎ ব্রিটিশ পাউন্ডের বিপরীতে স্থানীয় টাকা এখন দিন দিন শক্তিশালী হয়ে উঠছে।
কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দেশের অধিকাংশ ব্যাংকেই গতকাল প্রতি পাউন্ড ১০০ টাকার নিচে লেনদেন হয়েছে। টাকার বিপরীতে পাউন্ডের এই বিনিময় হার গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১০ সালের ৯ জুন প্রতি পাউন্ডের দাম ছিল ১০০ টাকা ১২ পয়সা।
দেশের মুদ্রাবাজারে কয়েক দিন ধরেই পাউন্ডের বিনিময় হার পড়তির দিকে। তারই ধারাবাহিকতায় রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক গতকাল প্রতি পাউন্ড বিক্রি করেছে ৯৮ টাকা ৫২ পয়সা দরে; যা গত বুধবার ছিল ৯৯ দশমিক ৫ পয়সা।
বিদেশি সিটিব্যাংক এনএ আগের কার্যদিবসের চেয়ে গতকাল প্রতি পাউন্ড ২ টাকা ৩৮ পয়সা কমে ৯৯ টাকা ৫৫ পয়সা দামে বিক্রি করেছে; যা বৃহস্পতিবার ছিল ১০১ টাকা ৯৩ পয়সা।
ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে (ইবিএল) এদিন পাউন্ড লেনদেন হয়েছে ৯৯ টাকা ৪১ পয়সায়; যা আগের কার্যদিবসের ১০১ টাকা ৬৫ পয়সার চেয়ে ২ টাকা ২৪ পয়সা কম।
অন্যদের চেয়ে গতকাল কম দামে পাউন্ড বিক্রি হয়েছে ব্র্যাক ব্যাংকে। এই ব্যাংক প্রতি পাউন্ড বিক্রি করেছে ৯৮ টাকা ২৬ পয়সা দরে। এ ছাড়া প্রতি পাউন্ড উত্তরা ব্যাংকে ৯৮ টাকা ৪৯ পয়সা, আইএফআইসি ব্যাংকে ৯৮ টাকা ৬৫ পয়সা ও যমুনা ব্যাংকে ৯৮ টাকা ৮৯ পয়সা দরে বিক্রি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসা নিয়ে গত ২৩ জুন অনুষ্ঠিত ব্রেক্সিট গণভোটের পর থেকেই বিশ্বজুড়ে পাউন্ডের বিনিময় হার কমছে।