দেশে পাট খাতের উন্নয়নে সমন্বিত প্রচেষ্টার আহ্বান
ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত এক কর্মশালায় দেশের পাটচাষিদের সমস্যার সমাধানসহ পাট খাতের উন্নয়নে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে।ট্রেইডক্র্যাফট এক্সচেঞ্জ ও তরঙ্গ-এর প্রকল্প ‘গোল্ডেন ফাইবার: সাসটেইনেবল লাইভলিহুডস ফর জুট গ্রোয়ারস অ্যান্ড প্রডিউসারস’ প্রকল্প এই কর্মশালার আয়োজন করে।কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা প্রতিষ্ঠানের (বিজেআরআই) মহাপরিচালক কামাল উদ্দিন ও জুট ডাইভার্সিফাইড প্রমোশন সেন্টারের মহাপরিচালক কে আর হাসান। ট্রেইডক্র্যাফটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কর্মশালায় জানানো হয়, গোল্ডেন ফাইবার প্রকল্পের আওতায় ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার চারটি উপজেলার অন্তত তিন হাজার ২৫০ জন পাটচাষি এবং পাটপণ্য প্রস্তুতকারী ২৫০ জন কুটিরশিল্পীর জীবনমান উন্নয়নে কাজ করবে। এটি পাটচাষিদের সংগঠিত করে তাঁদের দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ দেবে, যাতে তাঁরা নিজেরাই নিজেদের প্রাপ্য অধিকার, সেবা ও তথ্য ইত্যাদি আদায় করে নিতে পারেন।এতে আরও বলা হয়, পাঁচ বছর মেয়াদি গোল্ডেন ফাইবার প্রকল্পটি দরিদ্র পাটচাষি ও পাটপণ্য প্রস্তুতকারী কুটিরশিল্পীদের আয়-উন্নতি বাড়াতে সুযোগ তৈরি করে দেবে।