দেশে প্রথম ভাড়ায় ফ্লাইট সার্ভিস চালু করল ইয়ংওয়ান
দেশে প্রথমবারের মতো চালু হলো চার্টার ফ্লাইট সার্ভিস। এখন থেকে যে কেউ চাইলেই রেন্ট-এ কারের মতো স্থানীয়ভাবে উড়োজাহাজ ভাড়ায় নিয়ে ব্যক্তিগত কাজ সারতে পারবেন।নতুন এ চার্টার ফ্লাইট সার্ভিস চালু করেছে বাংলাদেশের প্রধান বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইয়ংওয়ান করপোরেশনের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান আরিরাং এভিয়েশন।১ অক্টোবর শনিবার থেকে আরিরাংয়ের চার্টার অপারেশন ও আন্তর্জাতিক মানের ফ্লাইং স্কুলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত আরিরাং হ্যাঙ্গার কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত তাইউং চো এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. আতহারুল ইসলাম। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হুসাইন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) সভাপতি কিহাক সং।