দেশে ফিরেছেন গভর্নর, রোববার যোগ দেবেন
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন নবনিযুক্ত গভর্নর ফজলে কবির। সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের এক দিন আগে গতকাল বৃহস্পতিবার ভোরে তিনি দেশে ফিরে আসেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, গভর্নর হিসেবে নিয়োগের খবর পেয়ে নির্ধারিত সময়ের এক দিন আগে তিনি দেশে ফিরে এসেছেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনায় দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে তার দায় নিয়ে গত মঙ্গলবার পদ ছাড়তে হয় আতিউর রহমানকে। একই সঙ্গে দুজন ডেপুটি গভর্নরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় সরকার। নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় অর্থ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে। গত বুধবার চার বছরের জন্য তাঁকে নিয়োগের আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে গভর্নরের। গতকাল দেশে ফিরে বিমানবন্দরে গভর্নর ফজলে কবির সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক অর্থ চুরির বিপর্যয়ে বাংলাদেশ ব্যাংকের যে ক্ষতি হয়েছে, তা পুনরুদ্ধার করাই হবে আমার প্রথম লক্ষ্য। আমার সততা ও দক্ষতা দিয়ে যথাযথ দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব।’
এদিকে, অর্থ চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল বৃহস্পতিবার ছুটির দিনে বাংলাদেশ ব্যাংকে গেছে। এদিনও তারা সংশ্লিষ্ট একাধিক বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে খুঁটিনাটি বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা নেয়। রিজার্ভের অর্থ লেনদেনের বার্তা আদান-প্রদানের সঙ্গে যুক্ত একাধিক কম্পিউটার জব্দ করা হয়েছে।
এ ছাড়া তদন্তে সহায়তার বিষয়ে শিগগির যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে সিআইডির তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ইন্টারপোলের মাধ্যমেও বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিআইডির কর্মকর্তারা।
গত ৫ ফেব্রুয়ারি অর্থ চুরির ঘটনা ঘটার ৪০ দিন পর ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই দিন মামলাটির তদন্তভার ন্যস্ত হয় সিআইডির ওপর। মামলাটি তদন্তের জন্য এরই মধ্যে সিআইডির পক্ষ থেকে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।
এদিকে, গতকাল বাংলাদেশ ব্যাংক পরিদর্শন শেষে সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি) সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল, তা কতটুকু নিরাপদ ছিল এবং কীভাবে তা ভেদ করা হলো ইত্যাদি বিষয় পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে কম্পিউটার, প্রিন্টারসহ কিছু সামগ্রী জব্দ করা হয়েছে।
এ সময় সাংবাদিকেরা জানতে চান প্রতিষ্ঠানপ্রধান হিসেবে সদ্যবিদায়ী গভর্নর আতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না? জবাবে সাইফুল ইসলাম বলেন, ‘প্রয়োজন হলে তাঁকেও জিজ্ঞাসাবাদ করব।’
সাইফুল ইসলাম আরও বলেন, ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটি : বাংলাদেশ ব্যাংকে দুজন ডেপুটি গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য ডেপুটি গভর্নর প্রার্থী খুঁজে বের করতে গত বুধবার পাঁচ সদস্যবিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদকে এ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুরশিদ। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকূল চাঁদ দাস এ কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।