দেশে ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ প্রণীত হচ্ছে
আগামী শতকে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ব্যবহারে উন্নয়ন চিত্রটি কেমন হবে—এমন দৃশ্যকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ প্রণয়ন নামে একটি কারিগরি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস—এসব উদ্দেশ্য নিয়ে এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করবে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)।
প্রকল্পটির মেয়াদ ২০১৩ সালের জুলাই থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। একটি সমন্বিত দীর্ঘমেয়াদি বাস্তবায়নযোগ্য মহাপরিকল্পনা তৈরি করা হবে।
নদীকাঠামোর ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, উপকূলীয় পোল্ডার ব্যবস্থাপনা, কৃষি ও খাদ্যের নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে ১৯টি সমীক্ষা সম্পাদিত হবে। এই সমীক্ষা ধরে ২০২৫, ২০৫০ ও ২১০০ সালের উন্নয়ন দৃশ্যকল্প প্রক্ষেপণ করা হবে।
এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৮ কোটি টাকা। এর মধ্যে অনুদান হিসেবে নেদারল্যান্ড দেবে সাড়ে ৭৬ কোটি টাকা। আর বাংলাদেশ জোগান দেবে সাড়ে ১১ কোটি টাকা।
গতকাল বুধবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শেরেবাংলান গরের এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিকল্পনা ও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হারবেন দ্য ইয়ং প্রমুখ।