বর্তমানের তুলনায় বাংলাদেশকে আরও ১০০ কোটি ডলার বেশি ঋণ দিতে পারে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের অঙ্গভুক্ত প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) তহবিল থেকে এ ঋণ পাওয়া যাবে।
সচিবালয়ে গতকাল সোমবার বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফানের নেতৃত্বাধীন বিশ্বব্যাংক গ্রুপের এক প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানিয়েছেন।
প্রতি তিন বছর পর আইডিএ তহবিল থেকে ঋণ দিতে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য নতুন কর্মসূচি হাতে নেয় বিশ্বব্যাংক। বর্তমান কর্মসূচিটি শেষ হবে চলতি বছরের জুনে।
আইডিএ তহবিল থেকে বর্তমানের ঋণ কর্মসূচি ২০০ কোটি ডলারের সামান্য কম—এ তথ্য উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, লেনদেনের ভারসাম্যে এই মুহূর্তে বাংলাদেশের কোনো সমস্যা নেই, যদিও রেমিট্যান্স (প্রবাসী আয়) প্রবাহ খারাপ।
অর্থমন্ত্রী বলেন, তবে বিশ্বব্যাংক দেখেছে যে ঋণগ্রহীতা হিসেবে বাংলাদেশের পারফরম্যান্স ভালো। তাই একটা আলোচনা তাদের সঙ্গে অনেক দিন থেকেই চলছে। সেটি হচ্ছে আইডিএ তহবিলের আগামী কর্মসূচি থেকে বাংলাদেশের ঋণ ২০০ কোটি থেকে ৩০০ কোটি ডলারে উন্নীত হওয়া।
আইডিএর নতুন কর্মসূচির আওতায় স্থানীয় সরকারকে শক্তিশালী করা; ব্যাংক, বিমা ও পুঁজিবাজারের উন্নয়ন; পেনশন-পদ্ধতির সংস্কার; প্রাণিসম্পদ বৃদ্ধিতে নতুন কর্মসূচি চালু; ডিজিটালাইজেশন ইত্যাদি ক্ষেত্র থাকবে বলে জানান অর্থমন্ত্রী।
চলতি কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার আগেই আইডিএ তহবিল থেকে ৫০ কোটি ডলার চাওয়া হয়েছিল জানিয়ে অর্থমন্ত্রী বলেন, খাত সুনির্দিষ্ট না থাকায় বিশ্বব্যাংক এ ব্যাপারে ‘না’ করে দিয়েছে। পরিবর্তে বিশ্বব্যাংক নিজেই নতুন প্রস্তাব দিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার প্রকৌশলে ৩০ কোটি ডলার দেবে তারা। এ ছাড়া ব্যাংক খাত সংস্কারেও ঋণ দিতে চায়। ব্যাংক খাতের সুশাসন বড় বিষয় হবে। এ ব্যাপারে তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও কথা বলেছে।
বৈঠকের পর চিমিয়াও ফান সাংবাদিকদের জানান, আগামী বছরগুলোতে আইডিএ তহবিল থেকে বেশি ঋণ পাবে বাংলাদেশ। তবে আর্থিক খাত, বিশেষ করে রাষ্ট্র খাতের ব্যাংকগুলোতে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে হবে। কারণ, এ ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেশি।
বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকের আগে সিলেটের কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে আলাদা বৈঠক করেন বলে জানান অর্থমন্ত্রী। বৈঠকে চেয়ারম্যানরা তাঁদের মাসিক সম্মানী বর্তমানের আট হাজার টাকা থেকে বাড়ানোর দাবি জানান।
তার আগে ইংল্যান্ডের কেমডেনের মেয়র নাদিয়া শাহর নেতৃত্বাধীন আরেক প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করেন তিনি।
রিজার্ভ চুরি প্রসঙ্গ: ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থ নিয়ে বাহাদুরি করছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
রিজার্ভ চুরির ওপর করা তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করার সময় হয়েছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না, এখনো সময় হয়নি।’ অর্থ আদায় সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘নিজের দায় এড়িয়ে কেউ এ তদন্ত প্রতিবেদন থেকে সুবিধা পাক—সেটা চাই না। রিজাল ব্যাংক চুরির টাকা নিয়ে বাহাদুরি করছে। তারা এটা করতে পারে না। টাকার মালিককে টাকা ফেরত দিতেই হবে। এ ব্যাপারে রিজাল ব্যাংকের আচরণ গ্রহণযোগ্য নয়। আগে টাকার বিষয়ে সমাধান হোক, তারপর প্রতিবেদন প্রকাশ।’