দেশে ব্যাংক আমানতের সিংহভাগই ঢাকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংক খাতে সবচেয়ে বেশি অর্থ সঞ্চয় করেন ঢাকা বিভাগের মানুষ। এ ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছেন রংপুর বিভাগের লোকজন।
বিভিন্ন ধরনের সঞ্চয় স্কিমের আওতায় ব্যাংক খাতে যে আমানত রয়েছে, তার প্রায় দুই-তৃতীয়াংশই ঢাকার মানুষের। আর রংপুরের মানুষের সঞ্চয় মাত্র ১ দশমিক ৭৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের ২০১৪ সালের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক সাম্প্রতিক গবেষণাতেও। ‘ব্যাংক খাত নিয়ে আমানতকারীর ধারণা ও আচরণ’ শীর্ষক ওই গবেষণায় প্রায় তিন হাজার আমানতকারীর মতামত নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল শেষে বিভিন্ন সঞ্চয় স্কিমের আওতায় ব্যাংক খাতে জমা মোট আমানতের পরিমাণ ছিল ৬ লাখ ৯৩ হাজার ১১৩ কোটি টাকা। এর মধ্যে ৪ লাখ ৪৩ হাজার ৫৯২ কোটি টাকা বা ৬৪ শতাংশ ঢাকার মানুষের সঞ্চয়। আর রংপুরের মানুষের সঞ্চয়ের পরিমাণ মাত্র ১২ হাজার ৪০৭ কোটি টাকা বা ১ দশমিক ৭৯ শতাংশ।
সঞ্চয়ের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছেন চট্টগ্রামের মানুষ। ২০১৪ সাল শেষে ব্যাংক খাতে সেখানকার মানুষের আমানতের পরিমাণ ছিল প্রায় ২০ শতাংশ বা ১ লাখ ৩৮ হাজার ৬২৩ কোটি টাকা।
ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে হিসাব করলে দেখা যাচ্ছে, দেশের ব্যাংক খাতে মোট যে আমানত বা সঞ্চয় রয়েছে, তার ৮৪ শতাংশই হলো এ দুটি বিভাগের।
সম্পদ বা সঞ্চয়ের এমন প্রবণতাকে অর্থনীতির জন্য খুবই অসুস্থ লক্ষণ বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল। এ বিষয়ে তিনি গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, একটি দেশের আমানত বা অর্থনৈতিক কর্মকাণ্ড এক বা একাধিক বিভাগ ও শহরকেন্দ্রিক থাকবে, এটি অর্থনীতির জন্য মোটেই ভালো নয়। গ্রামেও সম্পদ আছে, সঞ্চয়ের প্রবণতাও আছে। কিন্তু যেকোনো কারণে হোক, পর্যাপ্ত ব্যাংকিং সেবা সেখানে পৌঁছানো যাচ্ছে না বলেই সঞ্চয়ের এমন এককেন্দ্রিক নির্ভরতা তৈরি হয়েছে।
বিআইবিএমের ওই গবেষণার তথ্য অনুযায়ী ব্যাংক খাতের মোট আমানতের প্রায় ৮১ শতাংশই শহরাঞ্চলের। বাকি ১৯ শতাংশ সংগ্রহ করা হয় গ্রামাঞ্চল থেকে।
বিআইবিএমের শিক্ষক ও গবেষক শহীদ উল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, ব্যাংক খাতের সঞ্চয় বা আমানতের সিংহভাগ ঢাকা বিভাগকেন্দ্রিক হওয়ার প্রধান কারণ হচ্ছে জনসংখ্যার আধিক্য। এ ছাড়া দেশের প্রায় সব ধরনের কর্মকাণ্ডও ঢাকাকেন্দ্রিক।
সঞ্চয়ের ক্ষেত্রে শহর ও গ্রামের মানুষের মধ্যে কেন এমন বিশাল ব্যবধান—এর কারণ সম্পর্কে জানতে চাইলে শহীদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘গবেষণার সময় আমরা অনেক আমানতকারীর কাছে জানতে চেয়েছিলাম, ব্যাংক ছাড়া অন্য কোথাও তাঁরা টাকা সঞ্চয় করেন কি না? জবাবে ২০ শতাংশ আমানতকারী জানিয়েছেন, তাঁরা বিভিন্ন ধরনের এমএলএম বা বহুস্তর বিপণন কোম্পানিতে টাকা জমা রাখেন। এমএলএম কোম্পানিতে সঞ্চয়ের ঝোঁক বেশি গ্রামের মানুষের। তার মানে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা না পৌঁছানোয় বিপুল অর্থ বহুস্তর বিপণন প্রতিষ্ঠানগুলোর কাছে চলে যাচ্ছে। এটি খুবই খারাপ একটি প্রবণতা।’
দেশে গত পাঁচ বছরের ব্যবধানে ব্যাংক খাতে আমানতের পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। যেমন ২০০৯ সাল শেষে ব্যাংক খাতে যেখানে মোট আমানতের পরিমাণ ছিল ৩ লাখ ৪ হাজার ২৭৭ কোটি টাকা, সেখানে ২০১৪ সালে তা ৬ লাখ ৯৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
কমছে ক্ষুদ্র সঞ্চয়: বিআইবিএমের গবেষণায় আরও যেসব তথ্য উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে, ক্ষুদ্র সঞ্চয়ের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। ২০০৩ সালে ব্যাংক খাতের মোট আমানতের ২৫ শতাংশেরও বেশি এসেছিল এক লাখ টাকার কম সঞ্চয় করেন এমন আমানতকারীদের কাছ থেকে। আর ২০১৪ সালে এসে এই হার কমে পৌনে ৮ শতাংশে নেমে এসেছে।
অপরদিকে, কোটি টাকার বেশি সঞ্চয় করেন এমন লোকদের আমানত বেশ বেড়েছে। এ ধরনের মানুষের আমানতের পরিমাণ ২০০৩ সাল শেষে ছিল ব্যাংক খাতের মোট আমানতের ২৩ শতাংশ। এই হার ২০১৪ সালে এসে সাড়ে ৪০ শতাংশে উন্নীত হয়েছে। অর্থাৎ ১ কোটি টাকার বেশি জমা রাখেন, এমন আমানতকারীদের কাছ থেকেই এখন ব্যাংকের সিংহভাগ আমানত আসছে।