দেশে ব্যাংক খাতের বিকাশে সহযোগী হয়েছে বিআইবিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ৪০ বছর পূর্তিতে দেশের ব্যাংক খাতসহ প্রাসঙ্গিক বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক তৌফিক আহমদ চৌধূরী

তৌফিক আহমদ চৌধূরী
তৌফিক আহমদ চৌধূরী

প্রথম আলো: বিআইবিএমের শুরুর দিকের ইতিহাসটা একটু বলুন। কেন এই প্রতিষ্ঠানটি গঠন করা হয়?
তৌফিক আহমদ চৌধূরী: মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পর দেশের ব্যাংকব্যবস্থা পুনর্গঠন করার প্রয়োজন হয়ে পড়ে। পশ্চিম পাকিস্তানিদের মালিকানায় থাকা ছয়টি ব্যাংককে জাতীয়করণ করা হয়। কিন্তু ব্যাংক পরিচালনার জন্য দক্ষ লোকবল আমাদের ছিল না। যাঁরা ছিলেন, তাঁদের তেমন অভিজ্ঞতা ও দক্ষতা ছিল না। এই বাস্তবতায় ব্যাংক খাতের দক্ষ লোকবল গড়ে তোলার তাগিদ দেখা দেয়। সে সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) বললেন যে বিশেষজ্ঞ বা পরামর্শক দিয়ে সহায়তা করতে। তার পরই ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে দুজন পরামর্শক এলেন বাংলাদেশে। তাঁরা বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) গঠনের প্রাথমিক কাজ শুরু করেন। সৈয়দ আলী কবিরকে পরিচালক এবং খোন্দকার ইব্রাহীম খালেদকে প্রথম ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ দিয়ে বিআইবিএম ১৯৭৬ সালে যাত্রা শুরু করে। সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) একটি কক্ষে কাজ শুরু করে পরে সদরঘাটে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে স্থানান্তর করা হয়। তারপর শান্তিনগরে। আর ১৯৮৪ সালে মিরপুরে নিজস্ব জায়গায় চলে আসে বিআইবিএম। এখন এখানেই কাজ চলছে।
প্রথম আলো: শুরু থেকেই তো ব্যাংকের জনবল তৈরিতে বিআইবিএম প্রশিক্ষণ প্রদান করে আসছে। তখন প্রশিক্ষণের ধরন কেমন ছিল?
তৌফিক আহমদ চৌধূরী: শুরুতে বিআইবিএম শুধু নতুন ও পুরোনো ব্যাংকারদের প্রশিক্ষণ প্রদান করত। আশির দশকে এসে ব্যাংকের মধ্য ও জ্যেষ্ঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়। একদম নতুন বা নিচের দিকের কর্মকর্তাদের প্রশিক্ষণের দায়িত্বটি ব্যাংকগুলোর ওপরই ছেড়ে দেওয়া হয়। ব্যাংকগুলোও নিজস্ব প্রশিক্ষণ শাখা বা ইনস্টিটিউট খুলে এই কাজ করতে থাকে। তবে বিআইবিএমের প্রশিক্ষণের সুফল সেভাবে দেখা যাচ্ছিল না। বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোয় সরকারের অবাধ হস্তক্ষেপে নির্বিচারে ঋণ বিতরণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। তখনই প্রয়োজন দেখা দেয় ব্যাংক খাত দক্ষভাবে পরিচালনার। এ জন্য ব্যক্তিমালিকানায় ব্যাংক উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়। যুক্তিটা ছিল এ রকম যে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলো পরিচালিত হলে বাজারে একটা প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে। তাতে দুই ধরনের ব্যাংকেই দক্ষতা বাড়বে। বলা যায়, এর ফলেই বিআইবিএমের কাজ বেড়ে যায়। এভাবে দেশের ব্যাংক খাতের বিকাশে সহযোগী হয়ে বিআইবিএম এগিয়ে গেছে।
প্রথম আলো: সহযোগী হয়ে এগিয়ে যাওয়ার বিষয়টি একটু ব্যাখ্যা করে বলুন।
তৌফিক আহমদ চৌধূরী: বেসরকারি খাতে ব্যাংক শুরু যখন হলো, তখন কিন্তু আইনি কাঠামো ও রূপরেখার ঘাটতি ছিল, ছিল না প্রয়োজনীয় দিক-নির্দেশনা। ফলে ব্যাংক খাতে অনিয়ম-বিশৃঙ্খলা কিন্তু রয়েই গেল। এ থেকে উত্তরণের জন্য আশির দশকের শেষ দিকে সরকার একটি ব্যাংক কমিশন গঠন করে, যে কমিশন আইনি কাঠামো প্রণয়নসহ সংস্কারের সুপারিশ করে। এর পরই প্রণীত হয় ব্যাংক কোম্পানি আইন-১৯৯১। তারপর আসতে থাকে বিভিন্ন নীতি-নির্দেশনা। বিআইবিএমের প্রশিক্ষণ কার্যক্রমেও তাই অর্থায়নের বিভিন্ন কৌশল ও নিয়মের পাশাপাশি আইন-কানুনের বিষয়গুলো যুক্ত হয়। তবে বিশ্বব্যাংক, ইউএসএআইডিসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের ব্যাংক খাতের সমস্যা সমাধানে সুদের হার বাজারভিত্তিক করা এবং বেসরকারি খাতে ব্যাংক প্রতিষ্ঠানকেই সবচেয়ে গুরুত্ব দেয়। কিন্তু আইনি কাঠামো জোরদার ও আর্থিক ব্যবস্থাপনা সুসংহত করা, প্রুডেনশিয়াল রেগুলেশন প্রণয়ন ইত্যাদি বিষয় উপেক্ষিত ছিল। অবশ্য তাঁদের কিছু ভালো পরামর্শও ছিল। যার মধ্যে অন্যতম হলো ব্যাংক খাতের জন্য প্রশিক্ষিত জনবল তৈরি করে বাজারে আনা। এই প্রক্রিয়াতেই বিআইবিএম প্রবর্তন করে মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) কার্যক্রম। ১৯৯৭-৯৮ সময়কালে এমবিএম চালু করা হয়। এই শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একেবারে ব্যাংক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে নতুন স্নাতকদের বাজারে আসার সুযোগ তৈরি হয়। ফলে ব্যাংকগুলোয় প্রশিক্ষিত জনবল পেতে থাকে। আর এখন এমবিএম কার্যক্রমকে স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্টে রূপান্তর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে।
প্রথম আলো: ব্যাংক সংস্কারের পরবর্তী পর্যায়ে কীভাবে পরিবর্তন এল?
তৌফিক আহমদ চৌধূরী: নব্বইয়ের দশকের শেষ দিকে প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে ব্যাংক সংস্কার কমিটি গঠন করা হয়। এক কমিটি যুগান্তকারী কিছু সুপারিশ করে। কমিটি ব্যাংক খাতের সার্বিক সংস্কারের ক্ষেত্রে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার ও ক্ষমতায়নের ওপর জোর দেয়। এই কমিটি সুস্পষ্ট ভাষায় বলে যে বিনিয়ন্ত্রণ বা ডিরেগুলেশন মানে নিয়ন্ত্রণহীনতা নয়, বরং নিয়ন্ত্রণবিধির পরিবর্তন ও উন্নয়ন। এই কমিটির সুপারিশ ধরেই পরবর্তী সময়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রথম আলো: আজকে বিআইবিএম কাজের ক্ষেত্রে কোন দিকে বেশি জোর দিচ্ছে?
তৌফিক আহমদ চৌধূরী: এখন গবেষণার দিকে বিশেষভাবে জোর দিয়েছি। গবেষণার পরিধি অনেক বাড়ানো হয়েছে। ব্যাংক খাতের বার্ষিক পর্যালোচনা করা হচ্ছে। আর আমরা এখন ই-লার্নিং ও অনলাইন কোর্সের দিকে অগ্রসর হচ্ছি যেন ঢাকার বাইরের ব্যাংকাররা সহজে প্রশিক্ষণের সুযোগ নিতে পারে । ইতিমধ্যে বিআইবিএম থেকে আফগানিস্তান ইনস্টিটিউট অব ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স স্থাপনে সহযোগিতা করা হয়েছে।
[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]