দেশে ভোক্তার আস্থা ও আশা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাসের অর্থনৈতিক গতি, কর্মসংস্থানের প্রবণতা, নিয়মিত আয়ের সম্ভাবনা, পুঁজিবাজার পরিস্থিতি ও জীবযাত্রার মান এসবের নিরিখে তৈরি ভোক্তা আস্থা সূচকে বেশ এগিয়েছে বাংলাদেশ। এমনকি বাজার নিয়ে বেশ আশাবাদী এ দেশের ভোক্তারা।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৬টি দেশের ওপর ২০১৪ সালের দ্বিতীয়ার্ধে নিউইয়র্কভিত্তিক আর্থিক সেবাপ্রতিষ্ঠান মাস্টারকার্ডের পরিচালিত ভোক্তা আস্থা সূচক (কনজ্যুমারস কনফিডেন্স ইনডেক্স) জরিপে এ চিত্র উঠে এসেছে। জরিপটি বলছে, এ দেশগুলোর মধ্যে ভোক্তা আস্থা সূচক সর্বোচ্চ ১৬ দশমিক ৯ পয়েন্ট বেড়েছে বাংলাদেশে। এর ফলে বাংলাদেশের সূচক ৮৩ দশমিক ৩ পয়েন্টে উন্নীত হয়েছে, যা ২০১৪ সালের প্রথমার্ধে ছিল ৬৬ দশমিক ৪ পয়েন্ট।
এবারের জরিপে ৮ হাজার ২৩৫ জন অংশ নেন, যাঁদের বয়স ১৮ থেকে ৬৪ বছর। জরিপটি পরিচালিত হয়েছে ২০১৪ সালের অক্টোবর-নভেম্বর মাসে। জরিপের সূচক নির্ণয়ে শূন্যকে সবচেয়ে নৈরাশ্যজনক, ১০০ নম্বরকে সর্বোচ্চ আশাবাদ ও ৫০ নম্বরকে নিরপেক্ষতার লক্ষণ বলে ধরা হয়।
জরিপ অনুযায়ী, বাংলাদেশের বাইরে শুধু ফিলিপাইনেরই ভোক্তা আস্থা সূচক সবচেয়ে বেশি ৭ দশমিক ৭ পয়েন্ট বেড়েছে। এতে দেশটির সূচক দাঁড়ায় ৭৭ দশমিক ১ পয়েন্ট।
২০১৪ সালের প্রথমার্ধে সার্বিকভাবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভোক্তা আস্থা সূচক ছিল ৬৮ দশমিক ৩ পয়েন্ট (১০ বছরের সর্বোচ্চ), যা দ্বিতীয়ার্ধে ২ দশমিক ৯ পয়েন্ট কমে ৬৫ দশমিক ৫ পয়েন্টে নেমে এসেছে। নতুন জরিপে নয়টি দেশের ভোক্তা আস্থা সূচক ছিল স্থিতিশীল। আর পাঁচটি দেশে সূচক কমেছে।
অবশ্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভোক্তা আস্থা সূচকে সবচেয়ে ভালো অবস্থায় আছে মিয়ানমার (৯৭ দশমিক ২ পয়েন্ট), ভারত (৯১ দশমিক ৬ পয়েন্ট) ও ইন্দোনেশিয়া (৯০ দশমিক ১ পয়েন্ট)।
প্রসঙ্গত, ১৯৯৩ সাল থেকে ভোক্তা আস্থা সূচক প্রকাশ করে আসছে মাস্টারকার্ড। এবারেরটি তাদের ৪৪তম জরিপ।