দেশজুড়ে আড়াই হাজারের বেশি বিক্রয়কেন্দ্রে এখন থেকে ভারতীয় প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্সের হ্যান্ডসেট পাওয়া যাবে। রিচ ডিস্ট্রিবিউশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান দেশের বাজারে এই মুঠোফোন নিয়ে এসেছে। দুই হাজার থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামে মাইক্রোম্যাক্সের মোট ১২টি মডেল পাওয়া যাবে। এগুলোর মধ্যে নয়টি জিএসএম (গ্লোবাল সিস্টেম অব মোবাইল) এবং তিনটি সিডিএমএ (কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস) প্রযুক্তির জন্য। রাজধানীর একটি হোটেলে গত শুক্রবার সন্ধ্যায় মাইক্রোম্যাক্স ইনফোরম্যাটিক্স লিমিটেডের বিজনেস ডিরেক্টর বিকাশ জেইন আনুষ্ঠানিকভাবে মুঠোফোনটির বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় ভারতীয় অভিনেত্রী ও মডেল নেহা ধুপিয়া হ্যান্ডসেটটি উপস্থাপন করেন। অনুষ্ঠানে স্থানীয় মুঠোফোনটির স্থানীয় বাজারজাতকারী প্রতিষ্ঠান রিচ ডিস্ট্রিবিউশন লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাইমুল ইসলাম কল্লোল উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির সার্ক তথা দক্ষিণ এশীয় অঞ্চলের ব্যবসায় প্রধান বিকাশ সাহনি জানান, এই সেটে ৩০ দিন পর্যন্ত কর্মক্ষম ব্যাটারি, একসঙ্গে দুটি সিম ব্যবহারের সুবিধা এবং তরুণ প্রজন্মের জন্য কিউ সিরিজের কোয়ার টি ফোন, মিউজিক ফোন, লাইফস্টাইল ফোন ও ইউলিটি ফোন ইত্যাদি সুবিধা রয়েছে। বিকাশ জেইন বলেন, ‘বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ভূখণ্ড হিসেবে বিবেচনা করছে মাইক্রোম্যাক্স। গ্রাহকদের সব সময় ভিন্নমাত্রার সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে অনুন্নত এলাকার গ্রাহকদের টেলিযোগাযোগের সুবিধার্থে তাদের হাতে উন্নত প্রযুক্তির হ্যান্ডসেট পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’