দেশে মানসম্মত ইস্পাত উৎপাদন করার তাগিদ
বিদেশে দেড় শ-দুই শ বছরের জন্য টেকসই হবে এমন চিন্তা করে ভবন বা অবকাঠামো নির্মাণ করা হয়। সেভাবেই নকশা থেকে শুরু করে মানসম্মত ইস্পাত, কংক্রিটসহ অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়। কিন্তু আমাদের দেশে এসব করা হয় ৫০-১০০ বছরের কথা চিন্তা করে। কিন্তু ২০ বছর পার না হতেই আবার জোড়াতালি দেওয়া শুরু হয়ে যায়।নিম্নমানের স্টিলসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে দেশের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠছে। তাই ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলাক্ষম দীর্ঘমেয়াদি উন্নয়ন ও অবকাঠামোর জন্য মানসম্মত ইস্পাত (স্টিল) উৎপাদন করতে হবে। এ জন্য সরকারের নীতিনির্ধারকদের এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে।রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘গুণগত মানের ইস্পাত এবং ভৌত অবকাঠামো নির্মাণের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ধাতব প্রকৌশল বিভাগের (এমএমই) সহায়তায় সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন।সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। আরও বক্তব্য দেন বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ, বাংলাদেশ অটো রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এস কে মাসাদুল আলম মাসুদ, আনামুল হক প্রমুখ। এতে বিভিন্ন স্টিল ও রি-রোলিং মিলের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, শিল্পোন্নত বাংলাদেশ গড়তে লৌহজাত পণ্যকে গুরুত্ব দিতে হবে। এ জন্য আগে ইস্পাত ও রড আন্তর্জাতিক মানসম্মত করে দেশের অভ্যন্তরীণ বাজার সুরক্ষা করতে হবে। সেই সঙ্গে মান বজায় রেখে রপ্তানির সুযোগ নিতে হবে। সরকার ইতিমধ্যে বিএসটিআইয়ের মাধ্যমে এমএস রডের গুণগত মান পরীক্ষার কার্যকর ব্যবস্থা নিয়েছে। সনদ ছাড়া কেউ যেন পণ্য বাজারজাত করতে না পারে, সে জন্য সবার সহযোগিতা চান তিনি।সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের ধাতব প্রকৌশল বিভাগের অধ্যাপক এ এ মো. রেজাউল হক ও অধ্যাপক মো. আমিনুল ইসলাম। তাঁরা উভয়েই উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইস্পাত উৎপাদনের বিষয়ে বিস্তারিত বলেন।আমিনুল ইসলাম বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত ইস্পাত তৈরি করলে তা অনেক বেশি শক্তিশালী হবে। এতে ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগ কমানো সম্ভব। তবে দেশের ইস্পাত খাত এখন জোড়াতালি দিয়ে চলছে। কিছুটা মান আসতে শুরু করছে। তবে যে ‘পয়েন্টে’ আসা দরকার, তা হয়নি। সমিতির চেয়ারম্যান এস কে মাসাদুল আলম মাসুদ বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণপ্রক্রিয়া সহজ ও ফি পরিমাণ কমানোর দাবি জানান। এর উত্তরে বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ বলেন, আগামী কাউন্সিল সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।