বাংলাদেশে মুঠোফোনভিত্তিক যেকোনো সেবার ওপরই কর অনেক বেশি। এখানে এখন কথা বলা, ইন্টারনেট ব্যবহারসহ মুঠোফোনকেন্দ্রিক ১০০ টাকার সেবা পেতে কর দিতে হয় প্রায় ২২ টাকা। কিন্তু এ কর দেশের স্বল্প আয়ের মানুষের মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।
খরচ বেড়ে যাওয়ায় একদিকে সাধারণ মানুষ ডিজিটাল প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে তা সরকারের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানোর পথনকশা বাস্তবায়নও পিছিয়ে দিচ্ছে।
এমন মূল্যায়ন উঠে এসেছে মুঠোফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএর ‘মোবাইল ইকোনমি এশিয়া প্যাসিফিক ২০১৬’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে। এতে বাংলাদেশ সরকারের করনীতির সমালোচনা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ মেয়াদে সর্বোচ্চ রাজস্ব প্রাপ্তির বিষয়টি মাথায় রেখেই একটি দেশের করনীতি নির্ধারণ করা হয়। কিন্তু বাংলাদেশে করনীতিতে স্বল্প সময়ের রাজস্ব প্রাপ্তিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এমন করনীতি নারীসহ স্বল্প আয়ের মানুষের মুঠোফোন সেবা প্রাপ্তিতে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে।
জিএসএমএর হিসাব অনুযায়ী, বাংলাদেশসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ২০১৫ সাল পর্যন্ত একক মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ কোটি; যা ২০২০ সাল নাগাদ আরও ৬০ কোটি বেড়ে হবে ৩১০ কোটিতে উন্নীত হবে। একই সময়ে বাংলাদেশে একক মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়বে আড়াই কোটি। বর্তমানে এ দেশে একক মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭ কোটি।
প্রতিবেদনটিতে বাংলাদেশে একক মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বর্তমান করনীতি সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশে মুঠোফোনের বাজার বৃদ্ধিতে যে সম্ভাবনা আছে, সেটিকে অনিশ্চিত করে দিতে পারে বিদ্যমান উচ্চ কর হার।
করনীতির বিষয়ে জিএসএমএর গবেষণা প্রতিবেদনে ভিয়েতনামের উদাহরণ তুলে ধরে বলা হয়েছে, দেশটিতে মুঠোফোন আমদানি ও সিম বিক্রির ওপর আরোপিত কর ২০১৪ সাল থেকে সম্পূর্ণ তুলে দেওয়া হয়। এরপর এক বছরের ব্যবধানে দেশটিতে স্মার্টফোন ও মুঠোফোনে ইন্টারনেটের ব্যবহার ৪৫ শতাংশের বেশি বেড়েছে। কর তুলে দেওয়ায় রাজস্ব আদায়ে সাময়িক ক্ষতি হলেও স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভিয়েতনামের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্য অর্জিত হয়েছে। বাংলাদেশে বর্তমানে স্মার্টফোন আমদানিতে ২৩ শতাংশ কর দিতে হয়।
জানতে চাইলে মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবীর প্রথম আলোকে বলেন, ডিজিটাল অন্তর্ভুক্তির লক্ষ্য অর্জনে সরকার একদিকে টেলিযোগাযোগ খাতকে গুরুত্ব দেওয়ার কথা বলছে, অন্যদিকে রাজস্ব বিভাগ মুঠোফোন সেবার ওপর ইচ্ছামতো কর হার বাড়াচ্ছে। এমন সাংঘর্ষিক করনীতি অব্যাহত থাকলে দেশে ডিজিটাল সেবা সম্প্রসারিত হবে না। এ খাতে নতুন বিদেশি বিনিয়োগও অনিশ্চয়তার মধ্যে পড়বে।
জিএসএমএর গবেষণায় আরও বলা হয়েছে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানে মুঠোফোনভিত্তিক আর্থিক লেনদেন-সংক্রান্ত হিসাবের সংখ্যা ২০১৫ সালে ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে এজেন্টের মাধ্যমে আর্থিক লেনদেনের প্রবণতা আগের চেয়ে কমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবমতে, চলতি বছরের মে মাস পর্যন্ত দেশে সক্রিয় মুঠোফোনভিত্তিক আর্থিক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৮ লাখ।
তবে পূর্ণাঙ্গ নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতার কারণে বাংলাদেশের মুঠোফোনভিত্তিক আর্থিক লেনদেনের বাজার অনেকটা একতরফাভাবে চলছে বলে মনে করে জিএসএমএ।