দেশে মুঠোফোনের একক ব্যবহারকারী প্রায় ৭ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া প্যাসিফিকের একক মোবাইল ব্যবহারকারী শীর্ষ ১০
এশিয়া প্যাসিফিকের একক মোবাইল ব্যবহারকারী শীর্ষ ১০

বাংলাদেশে ইউনিক বা একক মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৭০ লাখ। অর্থাৎ ১৬ কোটি জনসংখ্যার এ দেশে ৪২ শতাংশ মানুষ প্রকৃত মুঠোফোন ব্যবহারকারী।
মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএর (গ্রুপ স্পেশাল মোবাইল অ্যাসোসিয়েশন) ‘এশিয়া-প্যাসিফিক মোবাইল ইকোনমি ২০১৫’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনটিতে একজন ব্যক্তির একাধিক সিম কার্ড থাকলেও তাঁকে একক ব্যবহারকারী হিসেবেই গণ্য করা হয় এবং তাঁর একটি সিম কার্ডই বিবেচনায় নেওয়া হয়েছে। এ পদ্ধতিতে হিসাবে ২০১৪ সালে বাংলাদেশে একক মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬ কোটি ৪০ লাখ, যা মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। এই হিসাবে দেশে এক বছরে একক মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ২ শতাংশ বেড়েছে।
জিএসএমএ বলছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫০টি দেশে একক মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ১৮০ কোটি। আর সারা বিশ্বে এ সংখ্যা ৩৬০ কোটি। অর্থাৎ বিশ্বের মোট মুঠোফোন ব্যবহারকারীর ৫০ শতাংশের অবস্থান এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
এই প্রতিবেদনে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মুঠোফোন ব্যবহার সম্পর্কে বলা হয়েছে, এ তিনটি দেশে একক মুঠোফোন ব্যবহারকারীর গড় সংখ্যা ৩৬ শতাংশ। তিনটি দেশের মোট ১৬০ কোটি জনসংখ্যার বিবেচনায় এ হার অনেক কম।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে একক মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা বিচারে বাংলাদেশ পাঁচ নম্বরে আছে। তালিকার শীর্ষে আছে চীন। দেশটির ১৪০ কোটি জনসংখ্যার ৪৮ শতাংশ বা ৬৭ কোটি ২০ লাখ মানুষ এককক মুঠোফোন ব্যবহারকারী। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে শতকরা হিসাবে একক ব্যবহারকারীর শীর্ষে জাপান। দেশটিতে মোট জনসংখ্যা ১২ কোটি ৭০ লাখ, এর ৯২ শতাংশ বা ১১ কোটি ৬০ লাখই একক ব্যবহারকারী।
এদিকে সরকারি হিসাবে, চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশে সক্রিয় মুঠোফোনের সিম কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৮ লাখ। এ ক্ষেত্রে জিএসএমএর হিসাব বিবেচনায় নিলে বলা যায়, দেশের প্রত্যেক মুঠোফোন ব্যবহারকারী গড়ে দুটি সিম কার্ডের মালিক।
সরকারি হিসাব ও জিএসএমএর হিসাবের মধ্যে গরমিলের কারণ হিসেবে দেশের মোবাইল ফোন অপারেটররাও একজন ব্যক্তির একাধিক সিম ব্যবহারকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে।
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র ইকরাম কবীর এ বিষয়ে গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘ডুয়েল (দুটি) সিম ব্যবহারের দিক দিয়ে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হলো বাংলাদেশ। সরকারকে আমরা যে হিসাব দিই, সেটি মূলত মোট সক্রিয় সিমের হিসাব। সে দিক দিয়ে ভাবলে জিএসএমএর এ হিসাব সঠিক।’
দেশের বৃহত্তম অপারেটর গ্রামীণফোন তাদের মোট সক্রিয় সিমের ৪৫ শতাংশকে একক ব্যবহারকারী হিসেবে গণ্য করে।
জিএসএমএর প্রতিবেদনে বলা হয়েছে, একক ব্যবহারকারীর সংখ্যা কম হলেও তা এক দিক দিয়ে এই অঞ্চলের মোবাইল ফোন অপারেটরদের জন্য ভালো। এর ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল বাজারগুলোতে একক ব্যবহারকারী বাড়ানোর সুযোগ এখনো আছে। এতে এই অঞ্চলে ২০২০ সাল পর্যন্ত অপারেটরদের আয়ে ৪ থেকে ৭ শতাংশ হারে প্রবৃদ্ধি হবে।
বাংলাদেশে একক মুঠোফোন ব্যবহারকারী বাড়াতে ও মুঠোফোন-সংক্রান্ত সেবাগুলোকে সহজ করতে এখানকার কর ব্যবস্থায় সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছে জিএসএমএর প্রতিবেদনে। এতে বাংলাদেশের কর ব্যবস্থা নিয়ে একটি আলাদা অংশে বলা হয়েছে, এ দেশে একেকটি মুঠোফোন কিনতে যে খরচ হয় তার ১৮ শতাংশই হলো কর সম্পর্কিত। আমদানি শুল্কসহ অন্যান্য করহার কমানো হলে তা জনগণের মুঠোফোন প্রাপ্তিকে আরও সহজতর করবে।