দেশে মুঠোফোনের গ্রাহক সাত কোটি ছাড়িয়ে গেছে
দেশে মুঠোফোনের মোট গ্রাহকসংখ্যা সাত কোটি ছাড়িয়ে গেছে।গত ৩১ জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা সাত কোটি তিন লাখ ৪০ হাজারে উন্নীত হয়েছে। এই হিসাবে দেশের ৪৩ দশমিক ৭৫ শতাংশ লোকের হাতে মুঠোফোন পৌঁছেছে বলে ধারণা করা হয়।মুঠোফোন অপারেটররা এই বিশাল গ্রাহকসংখ্যায় যেমন আনন্দিত, তেমনই সিম ট্যাক্স বা সংযোগকর নিয়ে কিছুটা হতাশও বটে। সংযোগকর না থাকলে গ্রাহকসংখ্যা আরও বেশি হতো বলে তারা দাবি করেছে।অপারেটরগুলোর পৃথক হিসাব মতে, গত জানুয়ারি মাসে পাঁচটি বেসরকারি অপারেটরের নতুন গ্রাহক যোগ হয়েছে ১৬ লাখ ৯৫ হাজার। তবে এ মাসে সরকারি মুঠোফোন কোম্পানি টেলিটকের গ্রাহক কমেছে।জানুয়ারি মাসে গ্রামীণফোনের গ্রাহক বেড়েছে চার লাখ ৫৮ হাজার। এতে তাদের মোট গ্রাহকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ৪২ লাখ ৮০ হাজারে।অন্য অপারেটরগুলোর মধ্যে বর্তমানে বাংলালিংকের দুই কোটি তিন লাখ ৮০ হাজার, রবির এক কোটি ২৬ লাখ ২৬ হাজার এবং এয়ারটেলের ৪১ লাখ ৮৪ হাজার গ্রাহক রয়েছে। দেশের একমাত্র সিডিএম প্রযুক্তির মুঠোফোন অপারেটর সিটিসেলের গ্রাহকসংখ্যা ১৮ লাখ ৫৮ হাজার। তবে এ সময়ে একমাত্র দেশীয় মুঠোফোন অপারেটর টেলিটকের গ্রাহকসংখ্যা ১২ লাখ ১১ হাজার থেকে সাত হাজার কমে ১২ লাখ চার হাজারে নেমে গেছে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওয়েবসাইটেও একই তথ্য প্রকাশিত হয়েছে।মুঠোফোনের গ্রাহকসংখ্যা সাত কোটি ছাড়িয়ে যাওয়াকে বিভিন্ন অপারেটর ও বাংলাদেশের জন্য একটি বড় অর্জন বলে উল্লেখ করেন বাংলালিংকের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক জাকিউল ইসলাম।এদিকে কোনো কোনো মুঠোফোন অপারেটরের কর্মকর্তারা বলছেন, সাত কোটি মুঠোফোন-সংযোগ কার্যকর হলেও প্রকৃতপক্ষে টেলিঘনত্ব আরও কম। কারণ, দেশের অসংখ্য লোক একাধিক সিম ব্যবহার করে। সে অনুযায়ী দেশের ৩২ থেকে ৩৬ শতাংশ লোকের হাতে মুঠোফোন রয়েছে।তবে এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, একটানা তিন মাস কোনো সংযোগ অব্যবহূত থাকলে সেটা তালিকা থেকে সরিয়ে ফেলা হয়। ফলে বিটিআরসির হিসাব যথেষ্ট সঠিক।গ্রামীণফোনের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মাহমুদ হোসেইন বলেন, ‘বর্তমান সাত কোটি গ্রাহকের বেশির ভাগই শহর এলাকার। আমাদের সবার লক্ষ্য গ্রামীণের গ্রাহক বাড়ানো। কিন্তু সংযোগকর বাতিল না করা হলে এই লক্ষ্য অর্জন সহজ হবে না।’প্রসঙ্গত, দেশে মুঠোফোনের গ্রাহকসংখ্যা গত বছরের জুলাই মাসে ছয় কোটিতে উন্নীত হয়। এর আগে ২০০৯ সালের সেপ্টেম্বরে তা পাঁচ কোটিতে ওঠে। ২০০৮ সালের এপ্রিলে চার কোটিতে এবং ২০০৭ সালের জুলাইয়ে তিন কোটিতে ওঠে।১৯৯৩ সালে দেশে মুঠোফোনের যাত্রার পর প্রথম তিন কোটি গ্রাহক অর্জনে সময় লাগে ১৪ বছর। পরের তিন কোটি গ্রাহক হয়েছে মাত্র তিন বছরেরও কম সময়ে।