দেশে মূল্যস্ফীতির কারণ নির্ণয়ে মুদ্রানীতিতে সীমাবদ্ধতা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথমার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতি দেশের চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণ নির্ণয়ে যথেষ্ট পরিপক্বতার পরিচয় দিতে পেরেছে বলে প্রতীয়মান হয় না। আর তাই মূল্যস্ফীতি প্রশমণে মুদ্রানীতি শেষ পর্যন্ত কতটা অর্থবহ হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ এই অভিমত প্রকাশ করেছে। প্রতিষ্ঠানি দেশের অর্থনীতির ওপর হালনাগাদ যে মাসিক পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এই অভিমত তুলে ধরা হয়েছে।সংস্থাটি বলছে, কেতাবি কায়দায় ধরে নেওয়া হচ্ছে যে বর্তমানে সৃষ্ট মূল্যস্ফীতি চাহিদা থেকে উদ্ভূত। অথচ এবারের মুদ্রাস্ফীতিতে বড় ভূমিকা রাখছে জোগানের অপ্রতুলতা। এ কারণেই সংকোচনমূলক মুদ্রানীতি তেমন কাজে আসছে না।গতকাল প্রকাশিত এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতার কারণে দেশে জিনিসপত্রের দাম বাড়েনি। বরং একাধিক অন্য কারণ রয়েছে।সংস্থাটি বলছে, অভ্যন্তরীণ বাজারের দাম বাণিজ্য উদারীকরণের কারণে আন্তর্জাতিক দামের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্য আন্তর্জাতিক দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করায় দেশের ভেতর দ্রব্যের দাম বেড়েছে। এর পাশাপাশি অভ্যন্তরীণ বাজার উদারীকরণের কারণে গণবিতরণব্যবস্থার (পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম) ওপর দিন দিন গুরুত্ব কমিয়ে শূন্যের কোটায় নিয়ে আসা হয়েছে। এর ফলেও দাম বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি বাংলাদেশে কেন ঘটছে তার কারণ যথাযথভাবে অনুসন্ধান না করে উন্নয়ন অন্বেষণের মতে, সরকারি ব্যয় বৃদ্ধির কারণেও সরকারকে ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নিতে হচ্ছে, যা তারল্য সংকট বাড়িয়েছে। অতিরিক্ত তারল্য সংকট দূর করতে সরকার টাকা ছাপছে, যা দেশে টাকার সরবরাহকে বাড়াচ্ছে। একদিকে মুদ্রাসংকোচন নীতি নিয়ে অন্যদিকে টাকা ছাপানোর মাধ্যমে মূল্যস্ফীতিকে আরও ব্যাপক আকারে দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে মনে করে সংস্থাটি। উন্নয়ন অন্বেষণ আরও বলেছে, ঘোষিত মুদ্রানীতি তারল্যজনিত চাপ মোকাবিলায় কতটুকু সামর্থ্য হবে এবং এর ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সাফল্যের মুখ দেখবে কি না, তা প্রশ্নসাপেক্ষ। কেননা, সরকারি ও বেসরকারি খাত থেকে অভ্যন্তরীণ মুদ্রাবাজারে চাহিদার চাপ তীব্র থেকে যেতে পারে।অন্যদিকে প্রবাসী আয়ের নিম্নমুখী প্রবাহ ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় তা সৃষ্ট বাণিজ্য ঘাটতি বৈদেশিক মুদ্রাবাজারে তারল্যের ওপর চাপ অব্যাহত রাখতে পারে। ফলে মুদ্রা বিনিময় হারে প্রভাব পড়ে টাকার অবমূল্যায়নের আশঙ্কা কমাতে মুদ্রানীতি কার্যকরী ভূমিকা রাখতে সফল নাও হতে পারে বলে উন্নয়ন অন্বেষণ মনে করে।সংস্থাটির মতে, রেপোর হার বাড়ায় অভ্যন্তরীণ মুদ্রা সরবরাহ সংকুচিত হয়ে তারল্যের ওপর চাপ প্রয়োগ করবে। সংকুচিত ঋণ সরবরাহ অভ্যন্তরীণ বিনিয়োগ পরিস্থিতিতে বিরূপ প্রভাব ফেলার কারণে দেশজ প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত হার অর্জন ব্যাহত হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিগত মুদ্রানীতিসমূহ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। ২০১০-১১ অর্থবছরের সাত শতাংশ লক্ষ্যমাত্রার বিপরীতে মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৮ দশমিক ৮৫ শতাংশে। ব্যাপক মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা ১৫ দশমিক ২০ শতাংশ নির্ধারণ করা হলেও গত অর্থবছরে শেষ পর্যন্ত তা বেড়ে হয়েছে ২১ শতাংশ। একই ফলাফল দেখা যায়, অভ্যন্তরীণ ঋণ, সরকারি ও বেসরকারি ঋণের ক্ষেত্রেও।বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের সম্ভাবনা ক্ষীণ বলে মন্তব্য করেছে উন্নয়ন অন্বেষণ। সংস্থাটি আরও বলছে, উচ্চ মূল্যস্ফীতি একদিকে যেমন প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, অন্যদিকে দারিদ্র্য দূরীকরণে বাধা তৈরি করবে। সব মিলিয়ে, বিশেষ করে, বর্তমানে ক্রমশ বেড়ে চলা অসাম্য আরও বাড়িয়ে তুলবে।উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক গত ৩১ জুলাই ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণা করে। উন্নয়ন অন্বেষণের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে গৃহীত মুদ্রানীতি মূল্যস্ফীতির অন্যতম কারণ খাদ্য মূল্যস্ফীতির ওপর কোনো প্রভাব ফেলতে পারছে না। খাদ্য মূল্যস্ফীতি প্রান্তিক ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য হুমকিস্বরূপ। এর ফলে জনগণ, বিশেষ করে, নির্ধারিত আয়ের মানুষ, খাদ্যবহির্ভূত অন্যান্য খরচ কম করতে বাধ্য হচ্ছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর প্রভাবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় কমে যাওয়ার আশঙ্কা আছে।