দেশে মূল্যস্ফীতির কিছুটা চাপ রয়েছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমানে দেশে মূল্যস্ফীতির কিছুটা চাপ রয়েছে। তবে মূল্যস্ফীতি কমানোর জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, এসব পদক্ষেপের মধ্যে রয়েছে শহর এলাকায় নিম্ন আয়ের জনগণের মধ্যে কম দামে খোলাবাজারে চাল বিক্রি, কৃষি উৎপাদনে ভর্তুকি, খাদ্যশস্য আমদানির মাধ্যমে সরকারি মজুদ বাড়ানো ইত্যাদি।গতকাল শনিবার জাতীয় সংসদে সরকারি দলের ইমাজ উদ্দিন প্রামাণিকের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে বাজেট আলোচনার সুবিধার্থে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।অর্থমন্ত্রী বলেন, দেশে মুদ্রাস্ফীতির কারণে পণ্যের মূল্যস্ফীতি ঘটে থাকে। তবে দ্রব্যের সরবরাহ ঘাটতির কারণেও মূল্যস্ফীতি ঘটতে পারে। বর্তমানে দেশে কিছুটা মূল্যস্ফীতির চাপ লক্ষ করা যাচ্ছে। পণ্যের মূল্যে যে বৃদ্ধি ঘটেছে, তা মূলত বাইরের উৎসের প্রভাব। অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজার বিকাশের স্বার্থে প্রয়োজন দেখা দিলে মার্চেন্ট ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেবে সরকার। তা ছাড়া শেয়ারবাজারের স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে তদন্ত কমিটির সুপারিশ অনুসারে সরকার কাজ শুরু করেছে।অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে সরকারের কাছে ২৫টি সুপারিশ করেছে। এসব সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।সারাহ বেগম কবরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে জানান, পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) তৈরি পোশাকশিল্পের অবদান ৪ দশমিক ৯৫ শতাংশ, যা গত অর্থবছর ছিল ৪ দশমিক ৫৬ শতাংশ। আরেক প্রশ্নের জবাবে আবদুল মুহিত বলেন, মহাজোট সরকার গঠনের পর গত ৩১ মে পর্যন্ত বিভিন্ন ব্যাংক ৯০৮টি শাখা স্থাপন করেছে। এর মধ্যে সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৫১টি, বিশেষায়িত ব্যাংক ৩৬, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৮১৫ এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংক ছয়টি। সালমা ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের দিন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৫৩৪ কোটি ৯২ লাখ মার্কিন ডলার। আর গত ১৫ জুন রিজার্ভ দাঁড়িয়েছে এক হাজার ৫৫ কোটি ৭৯ লাখ ডলার।পদ্মা সেতু: জাতীয় পার্টির মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের জন্য বিভিন্ন দাতাগোষ্ঠীর কাছ থেকে এ পর্যন্ত ২৩৫ কোটি ৫১ লাখ ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এ ব্যাপারে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাপান এবং আইডিবির সঙ্গে চুক্তি হয়েছে।মন্ত্রী জানান, প্রতিশ্রুত অর্থের মধ্যে বিশ্বব্যাংক ১২০ কোটি, এডিবি ৬১ কোটি ৫০ লাখ, জাপান ৪০ কোটি এবং আইডিবি ১৪ কোটি ডলার দেবে। শূন্যপদ আড়াই হাজার: প্রশ্নোত্তর পর্বে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেছেন, ডাক অধিদপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর শূন্যপদের সংখ্যা দুই হাজার ৫৫০টি। শূন্যপদগুলোর মধ্যে এক হাজার ৫৭টি পদোন্নতির মাধ্যমে এবং এক হাজার ৪৯৩টি পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। বর্তমানে সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের বিপরীতে জনবল নিয়োগের কার্যক্রম চলছে।জাতীয় সংসদে শাহিন মনোয়ারা হকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। আসমা জেরীনের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডাক অধিদপ্তরের আওতায় মোট নয় হাজার ৮৬২ জন পোস্টমাস্টার এবং সাত হাজার ৩১৯ জন রানার আছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুঠোফোন কোম্পানিগুলো থেকে সরকার বছরে লাইসেন্স ফি পাঁচ কোটি টাকা এবং রাজস্ব অংশ ৫ দশমিক ৫ শতাংশ পেয়ে থাকে। সরকার প্রতিবছর ছয়টি মুঠোফোন কোম্পানি থেকে ৮০০ কোটি টাকারও বেশি রাজস্ব পেয়ে থাকে। আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি মুঠোফোন কোম্পানি টেলিটক প্রতিষ্ঠার পর থেকে গত বছরের ৩০ জুন পর্যন্ত ৯৮৫ কোটি টাকা রাজস্ব আয় করেছে। টেলিটক বাংলাদেশ লিমিটেডে সরকারি বিনিয়োগের পরিমাণ ৬৪৩ কোটি টাকা। তিনি জানান, টেলিটক আরও ১৮ লাখ ৫০ হাজার গ্রাহকক্ষমতা বাড়াতে একটি প্রকল্প গ্রহণ করেছে। চয়ন ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কম খরচে ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য সরকারের দীর্ঘ পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশের সব উপজেলা ডায়াল-আপ ও মোবাইল ইন্টারনেট সংযোগের আওতায় রয়েছে। ২০১৩ সালের মধ্যে পার্বত্য চট্টগ্রাম জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।