দেশে মূল্যস্ফীতি বৃদ্ধির হার কমেছে। মূল্যস্ফীতি নির্ণয়ের নতুন ভিত্তিবছর ২০০৫-০৬ সালের হিসাবে গত আগস্ট মাসে সাধারণ মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৭ শতাংশে, যা জুলাই মাসে ছিল ৫ দশমিক ২১ শতাংশ। আর ১৯৯৫-৯৬ সালের পুরোনো ভিত্তিবছরের হিসাবে আগস্টে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৯৩ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৮ দশমিক শূন্য ৩ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল বুধবার বিকেলে দেশের সর্বশেষ মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে। বিবিএসের ঢাকার আগারগাঁওয়ের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মূল্যস্ফীতিসংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন সংস্থার মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল। বিবিএসের দাবি, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার কমে যাওয়ায় আগস্টে মূল্যস্ফীতির হার কমেছে। মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার কিছুটা সুফল দেখা যাচ্ছে। এই হার ধীরে ধীরে কমে আসছে। এভাবে চলতে থাকলে সরকার মূল্যস্ফীতির যে হার প্রাক্কলন করেছে, সেটি অর্জিত হবে। চলতি অর্থবছর (জুলাই মাস) থেকে বিবিএস মূল্যস্ফীতি হিসাব কষতে নতুন ভিত্তিবছর নির্ধারণ করে। এর পর থেকে নতুন ও পুরোনো দুই ভিত্তিবছর ধরেই মূল্যস্ফীতির হিসাব প্রকাশ করছে সংস্থাটি।বিবিএসের তথ্যানুযায়ী, দুই ভিত্তিবছরের হিসাবেই ২০১১ সালের আগস্ট মাসে মূল্যস্ফীতি ছিল দুই অঙ্কের ঘরে। আর চলতি বছরের আগস্টে সেটি এক অঙ্কের ঘরে নেমে এসেছে। তাই মূল্যস্ফীতির বর্তমান ধারাকে সহনীয় বলে মনে করছেন সংস্থাটির কর্মকর্তারা। নতুন ভিত্তিবছরের বিবেচনায়, ২০১১ সালের আগস্টে সাধারণ মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক শূন্য ৪ শতাংশ। আর পুরোনো ভিত্তিবছরের বিবেচনায় এই হার ছিল ১১ দশমিক ২৯ শতাংশ। বিবিএস বলছে, পুরোনো ভিত্তিবছরের হিসাবে চলতি বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ১০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৬ দশমিক ৩০ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার আগস্টে নেমে এসেছে ৯ দশমিক ৫৯ শতাংশে, যা জুলাইয়ে ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ। ২০০৫-০৬ সালের নতুন ভিত্তিবছরের হিসাবে, আগস্টে খাদ্য মূল্যস্ফীতির হার নেমে এসেছে ২ দশমিক ২৫ শতাংশ, যা জুলাইয়ে ছিল ২ দশমিক ২৩ শতাংশ। আর খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার আগস্টে নেমে এসেছে ৯ দশমিক ২৯ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। দেশের ৬৪টি জেলার ১২৮টি ও রাজধানী ঢাকার ১২টি বাজার মিলিয়ে ১৪০টি বাজার থেকে নির্ধারিত পণ্যের দাম সংগ্রহ করে তার ভিত্তিতে মূল্যস্ফীতির হিসাব করে বিবিএস। সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের প্রতি জেলা শহর ও গ্রামীণ পর্যায়ের একটি করে মোট দুটি বাজার থেকে নির্ধারিত পণ্যমূল্য সংগ্রহ করা হয়। এর বাইরে রাজধানীর ১২টি বাজার থেকে সাপ্তাহিক ভিত্তিতে পণ্যমূল্য সংগ্রহ করা হয়ে থাকে। মূল্যস্ফীতির হিসাব কষতে রাজধানীর যেসব বাজার থেকে পণ্যমূল্য সংগ্রহ করা হয় সেগুলো হলো: নিউমার্কেট, গুলশান, ঠাটারীবাজার, মিরপুর-১১, উত্তরার আজমপুর, শনিরআখড়া, মৌলভীবাজার, নওয়াবগঞ্জ বাজার, ফকিরাপুল, গোড়ান, রায়েরবাজার ও মোহাম্মদপুর টাউন হল মার্কেট। সংস্থাটির যুগ্ম পরিচালক আবুল কালাম আজাদ জানান, রাজধানীর বাজারগুলো থেকে প্রতি বুধবার পণ্যমূল্য সংগ্রহ করা হয়। বিবিএস বলছে, নতুন ভিত্তিবছরে (২০০৫-০৬) গ্রামীণ পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে আগস্টে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৪ দশমিক ৮৪ শতাংশ। একইভাবে শহর পর্যায়ে আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৬৮ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৫ দশমিক ৯২ শতাংশ। পুরোনো ভিত্তিবছরে (১৯৯৫-৯৬) গ্রামীণ পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে আগস্টে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৬০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ৭১ শতাংশ। একইভাবে শহর পর্যায়ে আগস্টে মূল্যস্ফীতি ঘটেছে ৮ দশমিক ৭৬ শতাংশ হারে, যা জুলাই মাসে ছিল ৮ দশমিক ৮৫ শতাংশ। বিবিএস আরও জানিয়েছে, গত জুলাই ও আগস্ট মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল যথাক্রমে ১৪ দশমিক ৯৩ ও ১৫ শতাংশ। সেই হিসাবে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার ছিল বেশি।