দেশে মোটরগাড়ি নির্মাণে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়ে রাজধানীতে তিন দিনের মোটরগাড়ি প্রদর্শনী শুরু হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ঢাকা মোটর শো’ নামের এই প্রদর্শনী গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। সেমস গ্লোবাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস ও সেমস বাংলাদেশ যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। বাংলাদেশে এ নিয়ে অষ্টমবারের মতো এই প্রদর্শনী হচ্ছে বলে আয়োজকেরা জানান।প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী হতাশার সুরে বলেন, ‘ঢাকাসহ সারা দেশের রাস্তায় প্রচুর মোটরকার দেখা যায়। কিন্তু এ দেশে কোনো মোটরগাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান নেই। অথচ বাংলাদেশে মোটরগাড়ির একটি বড় বাজার রয়েছে।’ মোটরগাড়ি উৎপাদনে এ দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা পরিপূর্ণ প্রস্তাব নিয়ে আসুন, সরকার সব ধরনের সহায়তা দেবে।’বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের পরিবহন খাতের সঙ্গে দীর্ঘদিন ধরে ভারত খুব ভালোভাবে যুক্ত রয়েছে। বাংলাদেশ ও তার আশপাশের ভারতীয় রাজ্যগুলো মিলিয়ে মোটরগাড়ির একটি বড় বাজার রয়েছে। এ কারণে এ দেশে মোটরগাড়ি উৎপাদনের জন্য শিল্প প্রতিষ্ঠার বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তৈরি পোশাকশিল্পের মতো লক্ষ্য নির্ধারণ করে অটোমোবাইল খাতে উদ্যোক্তাদের দৃষ্টি দেওয়া উচিত।’ ভারতের অনেক প্রতিষ্ঠান এ দেশে মোটরগাড়ি উৎপাদনের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে বেশ আগ্রহী বলেও তিনি জানান। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি আফতাব উল ইসলাম বলেন, ‘বিদ্যমান কর-কাঠামো এ দেশে অটোমোবাইল শিল্প বিকাশের ক্ষেত্রে একটি বড় বাধা। কোনো সরকারই এ শিল্পের বিকাশে তেমন কোনো দৃষ্টি দেয়নি। ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণকে সামনে রেখে তাই এ খাতে সরকারের বিশেষ দৃষ্টি দেওয়ার সময় এসেছে।’সেমস গ্লোবালের এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ, অটোমেটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ভিনি মেহতা।আয়োজকেরা জানান, এবারের মোটরগাড়ি প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় সাড়ে তিন শ স্টল রয়েছে। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক সমকাল ও ডেইলি নিউ এজ। প্রদর্শনী কাল শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত এটি সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।