দেশে মোবাইল ব্যাংকিং সম্প্রসারণে আলাদা কর্তৃপক্ষ গঠনের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং এ থেকে মানুষকে আরও বেশি সেবা দিতে এ খাতের নিয়ন্ত্রণ সংস্থাগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। এ জন্য মোবাইল ফাইন্যান্সিং প্রমোশন ব্যুরো কিংবা একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠন করার এবং সেবা মাশুল কমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।রাজধানীতে ইংরেজি দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে ‘মোবাইলে আর্থিক সেবা: বাংলাদেশে এর প্রভাব ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিলে বিশেষজ্ঞরা এ পরামর্শ দেন। গতকাল শনিবার এ বৈঠকের আয়োজন করে ডেইলি স্টার, ব্র্যাক ব্যাংক ও বিকাশ।বৈঠকে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এ জন্য দারিদ্র্য কমাতে হবে। কারণ দরিদ্র মানুষের হাতে টাকা না থাকলে তারা সেবা নিতে চাইবে না।’মোবাইল ব্যাংকিংয়ে শৃঙ্খলা আনতে মোবাইল ফাইন্যান্সিং প্রমোশন ব্যুরো গঠনের প্রস্তাব দেন ইব্রাহিম খালেদ। এই ব্যুরোতে বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি, বেসরকারি ব্যাংক ও মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলো থাকবে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, মোবাইল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণ করতে হবে। অধিকসংখ্যক মানুষকে এর আওতায় আনতে হবে। এ জন্য সেবার যে মাশুল ধরা হয়েছে তা কমাতে হবে। কারণ, সেবার বিনিময়ে ১ শতাংশ খরচ করা দরিদ্র লোকদের জন্য সম্ভব হবে না। তিনিও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন।তথ্য ও যোগাযোগ-প্রযুক্তিসচিব নজরুল ইসলাম খান বলেন, ‘মোবাইল ব্যাংকিং সেবা কেন শুধু দুটি প্রতিষ্ঠান দিচ্ছে? বাকিরা কেন আসছে না? কারণ, তাদের মধ্যে ভয় ছিল। আশা করি, এখন সে ভয় কেটে গেছে।’সচিব আরও বলেন, ‘আমরা ই-আইডি করা যায় কি না সে বিষয়ে কাজ করছি। এ জন্য ১২০০ কোটি টাকা প্রয়োজন। সরকারকে এ বিষয়ে রাজি করানো কঠিন। তার পরও আমরা চেষ্টা করছি। পরিসংখ্যান ব্যুরোকে এ দায়িত্ব দিতে চাই। কারণ ই-আইডি হলে মোবাইল ব্যাংকিংয়ের অর্থ লেনদেন অনেক সহজ হয়ে যাবে।’জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিং নিয়ন্ত্রণ করছে। বিটিআরসি যদি নতুন কোনো বিষয় আরোপ করে তখনই বিপত্তি শুরু হবে। মোবাইল ব্যাংকিং সম্প্রসারণে এ খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন।ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বলেন, একটি ব্যাংক সারা বছরে ১০টির বেশি শাখা খুলতে পারে না। দেশের সবগুলো থানায় শাখা খুলতে ব্যাংকগুলোর ৫০ বছর লেগে যাবে। সেদিক থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অল্প সময়ে মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব।আবুল কাশেম বলেন, বাংলাদেশ ব্যাংক ২৪টি ব্যাংককে মোবাইল ব্যাংকিং করার লাইসেন্স দিয়েছে। কিন্তু বাজারে আছে মাত্র দুটি ব্যাংক। বাকিরা কেন আসছে না সে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, মোবাইল ব্যাংকিং হলো বিশ্বের নিরাপদতম পদ্ধতি। তাই এই পদ্ধতিতে হ্যাকিং হওয়ার যে আশঙ্কা করা হচ্ছে তা বাস্তবে নাও ঘটতে পারে।ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, এজেন্টের মাধ্যমে ব্যাংকিং পদ্ধতি সাধারণ মানুষের জন্য খুবই কার্যকর। কারণ, তারা চেনে-জানে এমন লোকেরাই এজেন্ট হন। সে কারণে তাদের কাছে প্রতিষ্ঠানিক ব্যাংকিংয়ের চেয়ে মোবাইল ব্যাংকিং অনেক আরামদায়ক। তবে এ সেবার জন্য যে মাশুল নেওয়া হচ্ছে, তা কমানো উচিত বলে মনে করেন তিনি।সাবেক আমলা খালেদ শামস মোবাইল ব্যাংকিং খাতের নিরাপত্তা ঝুঁকিগুলো গুরুত্বসহকারে চিহ্নিত করার আহ্বান জানান। তিনি বলেন, ভিন্ন ধরনের সেবা নিয়ে আসতে হবে। নইলে মানুষকে এ সেবার প্রতি আকৃষ্ট করা যাবে না।বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষা ও মুদ্রানীতির অংশ হিসেবে বাজারের অর্থ প্রবাহ সম্পর্কে জানতেই মোবাইল ব্যাংকিং সেবা মোবাইল অপারেটরকেন্দ্রিক না করে ব্যাংককেন্দ্রিক করা হয়েছে।বৈঠকের সঞ্চালক সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাক নেটের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, মহিলাদের যদি মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট বানানো যায়, তাহলে এ খাতের সম্প্রসারণ এখনকার চেয়ে আরও দ্রুত হওয়া সম্ভব।বৈঠকে বিকাশের পরিচালক ইকবাল কাদির, প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল এস কাদির, ব্র্যাক ব্যাংকের প্রযুক্তি পরিচালন বিভাগের প্রধান নাভিদ ইকবাল, সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএএসআইএসের সহসভাপতি শামীম আহমেদ, ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন। এতে ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম উপস্থিত ছিলেন।