দেশে রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশা করছে এমসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দিনগুলোয় দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকার প্রত্যাশা করছে দেশের ব্যবসায়ীদের অন্যতম প্রভাবশালী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। এর ফলে আমদানি-রপ্তানি ও প্রবাসী-আয় বাড়বে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।
সংগঠনটি বলছে, ‘তুলনামূলকভাবে বর্তমান স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।’
সংগঠনটি গত ২০১৩-১৪ অর্থবছরে শেষ প্রান্তিকের যে অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদন প্রস্তুত করেছে, তাতে এসব কথা বলা হয়েছে।
এমসিসিআইয়ের মতে, দেশের অর্থনীতির প্রায় সব সূচকে ধারাবাহিক উন্নতি হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল থাকা, বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বৃদ্ধিসহ বেশ কয়েকটি কারণে সার্বিকভাবে অর্থনীতি স্থিতিশীল ছিল।
অবশ্য অর্থনীতির এই ইতিবাচক ধারা ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে বলে মনে করছে সংগঠনটি।
এমসিসিআই প্রথম প্রান্তিকের বিভিন্ন সূচকের সম্ভাব্য কিছু প্রক্ষেপণ করেছে। প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে, আগস্ট মাসে সার্বিক রপ্তানি ২৮৯ কোটি ডলার এবং সেপ্টেম্বরে তা বেড়ে ২৯২ কোটি মার্কিন ডলারে হতে পারে। অন্যদিকে আগস্টে আমদানির পরিমাণ ৩৬৩ কোটি ও সেপ্টেম্বরে তা আর একটু বেড়ে ৩৬৪ কোটি ডলার হতে পারে। আগস্ট-সেপ্টেম্বর এই দুই মাসে দেশে প্রবাসী-আয় (রেমিট্যান্স) আসতে পারে গড়ে ১৪৯ কোটি ডলার করে।
মূল্যস্ফীতির হার আগস্টে ৭ দশমিক ২০ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে ৭ দশমিক ১০ শতাংশে নেমে আসতে পারে। অবশ্য জুলাই মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ০৪ শতাংশ।
এমসিসিআইয়ের মতে, আগস্ট থেকে সেপ্টেম্বরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ হাজার ৭০০ কোটি টাকা থেকে কমে ২০ হাজার ৫৩০ কোটি ডলারে নেমে আসতে পারে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) আমদানির বকেয়া পরিশোধ করার জন্য রিজার্ভে এই নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বাণিজ্য সংগঠনটি বলছে, অর্থনীতির সার্বিক এই ইতিবাচক ধারা বজায় থাকবে কি না, তা নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তার ওপর। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকলেও দেশি-বিদেশি কোনো বিনিয়োগকারী নতুন করে বিনিয়োগ করতে ভরসা পাচ্ছেন না, যা সরকারের একটি বড় দুশ্চিন্তার কারণ।
বিদেশি বিনিয়োগকারীরা ২০১৩ সাল থেকেই বিনিয়োগের ক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি অবলম্বন করে আসছে বলে মনে করে এমসিসিআই। সরকারি বিনিয়োগ আলোচ্য সময়ে বাড়লেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার জন্য বেসরকারি বিনিয়োগের কোনো বিকল্প নেই।
গত বছরের রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা এখনো নতুন করে বিনিয়োগ করার ভরসা পাচ্ছেন না৷ এ কারণে বেসরকারি বিনিয়োগে অনেকটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, রাজস্ব আয় বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং সর্বোপরি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারার ওপর নির্ভর করবে চলতি অর্থবছরের জিডিপির লক্ষ্যমাত্রা অর্জনের সাফল্য। এমসিসিআই মনে করে, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার কোনো বিকল্প নেই।