দেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদন
দেশে গত বছর রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) তথ্য অনুযায়ী, ২০১৩ সালে দেশে মোট ছয় কোটি ৩৫ লাখ কেজি চা উৎপাদন হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ লাখ কেজি ও আগের বছরের তুলনায় আট লাখ ৮০ হাজার কেজি বেশি।
আলোচ্য বছরে দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ছয় কোটি পাঁচ লাখ কেজি। আর আগের বছর অর্থাৎ ২০১২ সালে দেশে মোট ছয় কোটি ২৬ লাখ ২০ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল।
চা শিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত বছর মৌসুমের শুরুতে (ফেব্রুয়ারি-মার্চ ২০১৩) কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা ছিল। এর ওপর প্রায় বছরজুড়েই ছিল দেশে রাজনৈতিক অস্থিরতা।
তবে বছরের মাঝামাঝি সময় পরিমিত বৃষ্টিপাত হওয়ায় চায়ের ফলন ভালো হতে শুরু করে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ প্রসঙ্গে পিডিইউর পরিচালক হারুন অর রশিদ সরকার প্রথম আলোকে বলেন, বছরের মাঝামাঝি থেকে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, সংশ্লিষ্ট সবার উৎপাদনবান্ধব মানসিকতা, নতুন চা এলাকা সম্প্রসারণ, ক্লোন চাগাছের ব্যবহার বৃদ্ধি এবং চা বোর্ডের নজরদারির ফলে রেকর্ড পরিমাণ চা উৎপাদন সম্ভব হয়েছে।