দেশে রেশম কারখানা ১৪টি
দেশে একসময় ৭৪টি রেশম কারখানা ছিল। এখন আছে মাত্র ১৪টি। স্থানীয়ভাবে উৎপাদিত রেশমের কাঁচামাল বছরে বিক্রি হয় মাত্র সাড়ে সাত কোটি টাকার।
রেশমশিল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের ভেতরে-বাইরে সিল্কের পোশাকের বিরাট বাজার থাকলেও অবহেলা আর অযত্নে শেষ হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী রেশমশিল্পটি। এ থেকে উত্তরণে উদ্যোক্তাদের প্রণোদনাসহ নীতি-সহায়তা দিতে হবে। এ জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ।
গতকাল শনিবার ঢাকায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং জার্মানির ফ্রেডরিক ন্যুম্যান ফাউন্ডেশন (এফএনএফ) আয়োজিত এক সেমিনারে এমন মতই উঠে এসেছে।
এফবিসিসিআইয়ের সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সিল্ক এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন আহমেদ, এফএনএফের প্রতিনিধি নাজমুল হোসেন বক্তব্য দেন।