দেশে লিফট কারখানা স্থাপনে তুরস্কের আগ্রহ
তুরস্কে তৈরি ‘বিএসবি লিফট’ এখন বাংলাদেশে বাজারজাত করা হচ্ছে। স্থানীয় প্রতিষ্ঠান রিয়েলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই লিফটি বাজারজাত করছে।তবে বিশাল বাজারের কথা বিবেচনা করে এ দেশে লিফট তৈরির কারখানা স্থাপনেও আগ্রহ প্রকাশ করেছে এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএসবি এলিভেটর কোম্পানি।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শনিবার বিএসবি লিফটের বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। রিয়েলটেক ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান কে এম গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মেহমেত ভাকুট এরকুল, তুরস্কের বিএসবি এলিভেটর কোম্পানির মহাব্যবস্থাপক মেহমেত বয়ুক প্রমুখ বক্তব্য দেন। শিল্প মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়।অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, শিল্পায়নের জন্য প্রযুক্তি হস্তান্তরের বিকল্প নেই। ঢাকায় অনুষ্ঠেয় ডি-৮ শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলন শিল্প খাতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহায়তার মাধ্যমে বাংলাদেশের জন্য টেকসই ও পরিবেশবান্ধব সবুজ প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সৃষ্টি করবে।দিলীপ বড়ুয়া বলেন, শিল্পায়নের স্বার্থেই পণ্যের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানির সক্ষমতাও বাড়াতে হবে। বাংলাদেশে ইলেকট্রিক পণ্যের বিশাল বাজারের উল্লেখ করে শিল্পমন্ত্রী তুরস্কের উদ্যোক্তাদের সরাসরি কিংবা যৌথ বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।রিয়েলটেক ইঞ্জিনিয়ারিংয়ের কর্মকর্তারা জানান, তুরস্কে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বিএসবি লিফট জ্বালানিসাশ্রয়ী ইলেকট্রিক পণ্য, যেটি এশিয়া, আফ্রিকা, ইউরোপসহ পৃথিবীর প্রায় ৫০টি দেশে রপ্তানি হচ্ছে।