দেশে শিল্প উৎপাদন স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিসংখ্যানে শিল্প উৎপাদন
পরিসংখ্যানে শিল্প উৎপাদন

দেশে শিল্প উৎপাদন অনেকটাই স্থবির হয়ে আছে। সদ্য বিদায়ী অর্থবছরের শেষ দিকে এসে শিল্পের উৎপাদন বাড়েনি বললেই চলে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, গেল ২০১২-১৩ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) উৎপাদন শিল্পের সূচক দাঁড়ায় ১৯১ দশমিক ৩২ পয়েন্টে। আর নয় মাসের (জুলাই-মার্চ) উৎপাদন শিল্পের সূচক দাঁড়িয়েছে ১৯২ পয়েন্টে। অর্থাৎ উৎপাদনে প্রবৃদ্ধি নামমাত্র হয়েছে।
এ হিসাব অবশ্য নতুন ভিত্তিবছর (২০০৫-০৬ অর্থবছর) অনুসারে তৈরি করা। এখন নতুন ভিত্তিবছরের হিসাবে বিবিএস শিল্প উৎপাদনের উপাত্ত প্রকাশ করছে। পাশাপাশি পুরোনো হিসাবটিও চালু রাখা হয়েছে।
একই সময়ে পুরোনো ভিত্তিবছর অনুসারে নয় মাসের শিল্প উৎপাদনের গড় সূচক দাঁড়িয়েছে ৬১৫ দশমিক ৯১ পয়েন্ট। আর আট মাসের উৎপাদন সূচক ছিল ৬১৪ দশমিক ৬১ পয়েন্ট।
সম্প্রতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম নয় মাসের মাঝারি ও বৃহৎ শিল্প, খনিজ শিল্প এবং বিদ্যুৎ খাতের পরিমাণ সূচক (যা কোয়ান্টাম সূচক নামে পরিচিত) প্রকাশ করা হয়েছে। বিবিএস প্রতি মাসেই মাসওয়ারি এসব উপাত্ত প্রকাশ করছে। সেখান থেকেই এসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে। এত দিন ১৯৮৮-৮৯ ভিত্তিবছর ধরে মাঝারি ও বৃহৎ শিল্প, খনিজ শিল্প এবং বিদ্যুৎ খাতের উৎপাদনের পরিমাণ সূচক নির্ণয় করা হতো। তবে এখন ২০০৫-০৬ অর্থবছরকে নতুন ভিত্তিবছর ধরা হয়েছে। যেহেতু ১০০ পয়েন্টকে ভিত্তি ধরে নতুনভাবে সূচক গণনা শুরু হয়েছে, তাই পুরোনো হিসাবের সঙ্গে নতুন হিসাবের বেশ পার্থক্য দেখা যাচ্ছে।
বিবিএসের তথ্যে দেখা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে প্রস্তুত শিল্পের (ম্যানুফ্যাকচারিং) উৎপাদন খানিকটা বেড়েছে। একই হারে বেড়েছে খনিজ শিল্প ও বিদ্যুৎ উৎপাদনের সূচকও। নতুন ও পুরোনো উভয় সূচকেই এ ধরনের প্রবণতা দেখা গেছে। বিবিএস বলছে, নতুন ভিত্তিবছরে গেল অর্থবছরের আট মাসে খনিজ শিল্পের উৎপাদন সূচক যেখানে ছিল ১৫২ দশমিক ৫২ পয়েন্ট, নয় মাস শেষে তা দাঁড়িয়েছে ১৫৩ পয়েন্টে। অন্যদিকে পুরোনো ভিত্তিবছর হিসাবে, ফেব্রুয়ারি পর্যন্ত খনিজ শিল্পের উৎপাদন সূচক ছিল ৫০৫ দশমিক ৬ পয়েন্ট, মার্চে এসে তা দাঁড়িয়েছে ৫০৯ দশমিক ৫ পয়েন্টে।
নতুন হিসাবে গেল অর্থবছরের আট মাসে বিদ্যুতের উৎপাদন সূচক যেখানে ছিল ১৫২ পয়েন্ট, নয় মাস শেষে তা দাঁড়িয়েছে ১৫৪ দশমিক ৪৪ পয়েন্টে। অন্যদিকে পুরোনো ভিত্তিবছর হিসাবে ফেব্রুয়ারি পর্যন্ত খনিজ শিল্পের উৎপাদন সূচক ছিল ৪৭৫ দশমিক ৬ পয়েন্ট, মার্চে এসে তা দাঁড়িয়েছে ৪৮৫ দশমিক ৫৫ পয়েন্টে। প্রস্তুতশিল্পের গতি-প্রকৃতি হিসাব করা হয় বাছাই করা কিছু রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানা ও ব্যক্তি খাতের শিল্পপ্রতিষ্ঠানের ওপর মাসওয়ারি জরিপ চালিয়ে। যেসব শিল্পের উৎপাদন বিবেচনায় নেওয়া হয়, তার মধ্যে আছে—পাট, বস্ত্র, তৈরি পোশাক, কাগজ, সার, লৌহ ও ইস্পাত, সিমেন্ট, ওষুধ, চা, লবণ ও ভোজ্যতেল।
নতুন ভিত্তিবছরে বড় ও মাঝারি শিল্পের নমুনার আয়তন অনেক বাড়ানো হয়েছে। এতে ২১টি শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে ছিল আটটি শ্রেণী। উপখাত পুনর্বিন্যাস করার পাশাপাশি শিল্প উৎপাদনে উপখাতগুলোর ভার বা গুরুত্বও হালনাগাদ করা হয়েছে। যেমন: ১৯৮৮-৮৯ ভিত্তিবছরের সূচকে ‘পাট, তুলা, তৈরি পোশাক ও চামড়া’ শ্রেণীর ভার ছিল ৩৮ দশমিক ১৬। অর্থাৎ মোট উৎপাদন ১০০ হলে এর মধ্যে উক্ত শ্রেণীর অংশ ৩৮ দশমিক ১৬। তবে ২০০৫-০৬ ভিত্তিবছরের সূচকে তৈরি পোশাককে আলাদা শ্রেণী বিবেচনা করা হয়েছে। এর ভার ৩৪ দশমিক ৮৪। একইভাবে চামড়া ও চামড়াজাত খাতকে আরেকটি শ্রেণী গণ্য করে এর ভার দেওয়া হয়েছে ৪ দশমিক ৪০।