দেশে সনদধারী হিসাববিদের ৫ শতাংশ নারী
বাংলাদেশে দেড় হাজার সনদধারী হিসাববিদের (সিএ) মধ্যে নারী হিসাববিদ মাত্র ৭১ জন। সেই হিসাবে সনদধারী হিসাববিদদের মধ্যে নারী ৫ শতাংশের কম।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শনিবার দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এক সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।
ঢাকায় কারওয়ান বাজারে আইসিএবির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনের বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশে হিসাববিদ্যা পেশায় নারীর অবস্থান’। সংগঠনটির সাবেক সভাপতি পারভীন মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুলের শিক্ষক জাবেদ সিদ্দিকী।
এতে বক্তব্যদেন হিসাববিদ ও বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সুরাইয়া জান্নাত খান, ডানকান ব্রাদার্স বাংলাদেশের অর্থ পরিচালক শামা রুখ আলম, একতার সানজিদা কাশেম ও রত্না দত্ত এবং আইসিএবির সভাপতি শওকত হোসেন।
সেমিনারে বলা হয়, হিসাববিদ হিসেবে পুরুষের চেয়ে নারীর বেতন-ভাতা কম। নারী হিসাববিদদের বেশি সমস্যা মোকাবিলা করতে হয়।