দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ২০১৬ সালে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ সময় বাংলাদেশ ২৩৩ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছে, যা প্রতিবেশী দেশ ভারতের চেয়ে অনেক কম। তবে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের চেয়ে বেশ বেশি।

আলোচ্য সময়ে বাংলাদেশ বেশি বিনিয়োগ পেয়েছে টেলিযোগাযোগ, বস্ত্র ও পোশাক, ব্যাংকিং, জ্বালানি, খাদ্যশিল্প ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে। বাংলাদেশ যে বিনিয়োগ পেয়েছে, তার মধ্যে বড় অংশটি এসেছে কার্যরত প্রতিষ্ঠানের মুনাফা থেকে। এরপর বেশি এসেছে মূলধন বিনিয়োগ থেকে।

জাতিসংঘের সংস্থা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০১৭-তে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের এ চিত্র তুলে ধরা হয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বাংলাদেশে আঙ্কটাডের এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটির এবারের শিরোনাম ইনভেস্টমেন্ট অ্যান্ড দ্য ডিজিটাল ইকোনমি।
এতে বেসরকারি সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রতিবেদনটির ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন।
আহসান মনসুর জানান, দক্ষিণ এশিয়া ছাড়া সব অঞ্চলেই বিদেশি বিনিয়োগের প্রবাহে নিম্নগতি ছিল। বরাবরের মতোই সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ পেয়েছে যুক্তরাষ্ট্র। এর পরের অবস্থানে আছে যুক্তরাজ্য ও চীন। অন্যদিকে বিনিয়োগকারী দেশ হিসেবেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এর পরের অবস্থানে চীন ও নেদারল্যান্ডস রয়েছে।
বিশ্বের ১ লাখ ৭৫ হাজার কোটি ডলারের মোট বিদেশি বিনিয়োগের ৫৩৭ কোটি ডলার এসেছে দক্ষিণ এশিয়ায়। এর মধ্যে আবার ৪৪৫ কোটি ডলার পেয়েছে ভারত। বাংলাদেশ ২০১৫ সালে পেয়েছিল ২২০ কোটি ডলার, যা এবার বেড়ে ২৩৩ কোটি ডলারে উন্নীত হয়েছে। পাকিস্তান পেয়েছে ১২৮ কোটি ডলার। শ্রীলঙ্কা পেয়েছে ৬৩ কোটি ৬০ লাখ ডলার। পাকিস্তানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হলো, দেশটিতে এক বছরে বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় ৪৮ শতাংশ।

২০১৭ সালে ৫০০ কোটি ডলার ছাড়াবে: আঙ্কটাডের প্রতিবেদন অনুযায়ী ২০১৬ সালে বাংলাদেশে প্রায় ৬৩০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগের ঘোষণা এসেছে, ২০১৫ সালে যা ছিল ২৯৯ কোটি ডলার। আহসান মনসুর বলেন, এ ঘোষণা বাস্তবে রূপ দিতে পারলে বাংলাদেশ আগামী দুই বছরে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ পাবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, প্রতিদিন তাঁর কাছে বিদেশি বিনিয়োগকারীরা দেখা করতে যান। খুব শিগগির জ্বালানি খাতে ৫০০ কোটি ডলারের একটি বিনিয়োগ ঘোষণা আসবে। সব মিলিয়ে ২০১৭ সালে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমপক্ষে ৫০০ কোটি ডলারের বেশি হবে।

বিমানবন্দর ঠিক করা হচ্ছে: এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, বিমানবন্দরের সমস্যাটি সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে আছে। ব্যবস্থাপনার উন্নতির কাজ চলছে। তিনি বলেন, ইউরোপীয় কমিশন বিমানবন্দরে যেসব সরঞ্জাম চায়, তা কেনা হয়েছে। দুই মাসের মধ্যে সেগুলো স্থাপনের কাজ শেষ হবে।
অনুষ্ঠানে বিডার সদস্য অজিত কুমার পাল ও বাংলাদেশ ওমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদ বক্তব্য দেন।