দেশে সিমেন্টের দাম আরেক দফা বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সিমেন্টের দাম আরেক দফা বেড়েছে। সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এবার প্রতি ব্যাগ সিমেন্টের দাম ১৫ থেকে ২০ টাকা করে বাড়িয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, বাজারে এখন বিভিন্ন কোম্পানির ৫০ কেজি ওজনের প্রতি ব্যাগ সিমেন্ট মানভেদে ৪৩০ থেকে ৪৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আট-দশ দিন আগে থেকে এই দরে সিমেন্ট বিক্রি শুরু হয়েছে। এই খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন, দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির এবং শুল্কহার বাড়ানোর কারণে সিমেন্টের দাম বেড়েছে। তাঁরা বলেন, আন্তর্জাতিক ও দেশীয় বাজারে কাঁচামালের দামে উত্থান-পতন হলে কিংবা জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়লে এর প্রভাব পড়ে সিমেন্টের ওপর। সরকার সম্প্রতি তেলের দাম বাড়ানোর কারণে পরিবহন-ব্যয় বেড়েছে, যা সিমেন্টের দামে প্রভাব ফেলেছে।জানতে চাইলে কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক জহিরউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সম্প্রতি জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বেড়েছে। এ ছাড়া প্রতি টন কাঁচামালের আমদানি শুল্ক ৩৫০ থেকে বেড়ে ৫০০ টাকা হয়েছে। এতে উৎপাদন খরচও অনেক বেড়েছে। তাই দাম বাড়ানোর কোনো বিকল্প ছিল না।দেশে সিমেন্টের বার্ষিক চাহিদা হচ্ছে এক কোটি ৭০ লাখ মেট্রিক টন। আর কোম্পানিগুলোর মোট উৎপাদনক্ষমতা রয়েছে তিন কোটি মেট্রিক টন।সিমেন্ট উৎপাদকেরা বলেন, বিভিন্ন মহাসড়কে ওজন মাপার যন্ত্র বসানো হলেও অতিরিক্ত মালামাল নিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়নি। এ ক্ষেত্রে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের কর্মীরা ট্রাকপ্রতি এক থেকে দেড় হাজার টাকা করে নিচ্ছেন, যা পরিবহন খরচের সঙ্গে যোগ হচ্ছে। প্রকারান্তরে সিমেন্টের দামে প্রভাব পড়েছে।