দেশে সুতার দাম বাড়বে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুলা রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশে তেমন কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন। এতে সুতার দাম বাড়বে না বলেও জানান তিনি।বাণিজ্যসচিব বলেন, অন্যবারের তুলনায় দেশে এবার তুলার উৎপাদন বেশি। সুতার দামও কম। তবে সতর্ক থাকতে হবে যে ভারতের নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা যাতে অবৈধভাবে সুতার দাম বাড়িয়ে না দেন। এ ব্যাপারে পদক্ষেপ নিতে বাংলাদেশ ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার বস্ত্র ও পোশাকশিল্পের তিনটি সংগঠনের (বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে বাণিজ্যসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।গত সোমবার ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক প্রজ্ঞাপনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তুলা রপ্তানি বন্ধ রাখার কথা জানায়। গোলাম হোসেন বলেন, ভারতের এমন সিদ্ধান্তে তেমন কোনো অসুবিধা হবে না। ভারতের উচিত ছিল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা। কিন্তু তারা তা করেনি। তার পরও লিখিত প্রতিবাদ পাঠানো হয়েছে।