দেশে সোনার দাম আবার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে দর বাড়ার কারণে দেশের বাজারে চলতি মাসে দ্বিতীয়বারের মতো সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে প্রতি ভরি ভালো মানের সোনার দাম সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়ছে।দাম বাড়ার সিদ্ধান্তটি আজ রোববার থেকে কার্যকর হবে। বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মতিক্রমে গতকাল শনিবার সোনার দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে দরপতনের কারণে গত এপ্রিল ও মে মাসে এক দফা করে এবং জুন মাসে দুই দফা সোনার দাম কমায় বাজুস। সেই হিসেবে কয়েক মাস পর ২ আগস্ট সোনার দাম বাড়ানো হয়। এর দুই সপ্তাহ পর আবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল সমিতি।নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৭৩৮ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৪৬৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ৪১ হাজার ৫২৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হবে ২৯ হাজার ১৬০ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম আগের মতোই থাকছে, অর্থাৎ এক হাজার ৩৯৯ টাকা।এদিকে গতকাল পর্যন্ত ২২ ক্যারেট সোনা ৪৯ হাজার ৫৭২ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৩৫৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ছিল ৪০ হাজার ৫৯০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ২৮ হাজার ৩৪৩ টাকা ভরি।আজ থেকে সোনার দাম বড়ানোর ফলে ভরি প্রতি ২২ ক্যারেট সোনার দাম আগের দরের চেয়ে এক হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১০৭ টাকা, ১৮ ক্যারেটে ৯৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭১৬ টাকা বাড়বে।