দেশে স্বর্ণের দাম আরেক দফা কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমল। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে তা সমন্বয় করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভরিপ্রতি বিভিন্ন ধরনের স্বর্ণের দাম সর্বোচ্চ দেড় হাজার টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। আজ শুক্রবার থেকে নতুন এই দাম কার্যকর হবে।নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫৭ হাজার ৪৪৫ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম ৫৪ হাজার ৮৭৯ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৪৭ হাজার পাঁচ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমে হয়েছে ৩৫ হাজার ৬৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) প্রতি ভরি রুপার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা।বাজুস গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে চলতি মার্চ মাসেই দুই দফা স্বর্ণের দাম কমল। তবে এর আগেই চলতি বছরে চার দফা দাম বেড়েছে। বাজুসের তথ্যমতে, সর্বশেষ দাম অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৫৮ হাজার ৯৬২ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ ৫৬ হাজার ৩৩৭ টাকা এবং ১৮ ক্যারেট ৪৮ হাজার ২৮৮ টাকা। এ ছাড়া সনাতনী হিসাবে পরিচিত দেশি স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ৩৭ হাজার ৯২ টাকা। সে সময় ভরিপ্রতি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ছিল এক হাজার ৫৭৫ টাকা। এর ফলে ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার ৫৪২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা কমেছে। সনাতনী স্বর্ণের দাম ভরিপ্রতি কমেছে এক হাজার ৪০০ টাকা। আর রুপার দাম কমেছে ৫৪ টাকা। স্বর্ণ ব্যবসায়ীরা জানান, স্বর্ণালংকার তৈরি করতে গেলে ক্রেতাকে মজুরি হিসেবে ভরিপ্রতি গড়ে তিন হাজার টাকা এবং মূল্য সংযোজন কর হিসেবে ২ শতাংশ হারে বেশি অর্থ দিতে হয়। সেই হিসাবে ২২ ক্যারেট স্বর্ণের গয়নার দর পড়বে প্রতি ভরি প্রায় ৬২ হাজার ২৫৮ টাকা।বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৬৮৩ থেকে এক হাজার ৬৪৯ মার্কিন ডলারে নেমেছে। এ ছাড়া দেশে খাঁটি সোনার দামও কিছুটা কমেছে। এ দুটি কারণেই মূলত দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আমিনুল ইসলাম।