স্বর্ণের আন্তর্জাতিক দর কিছুটা পড়ে যাওয়ায় দেশের বাজারে বিভিন্ন ধরনের স্বর্ণের দাম ভরিপ্রতি এক হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত শুক্রবার থেকে নতুন দর কার্যকর হয়েছে।নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৫৭ হাজার ১৫৩ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫৮৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ৪৬ হাজার ৮৮৯ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমে হয়েছে ৩৪ হাজার ৪০৮ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম এখন এক হাজার ৪৫৮ টাকা।গত বুধবার বাজুসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দর নির্ধারণ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে সর্বশেষ গত ১ জানুয়ারি দেশে স্বর্ণের দাম কমিয়েছিল স্বর্ণ ব্যবসায়ীদের এই সমিতি।সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪৪ ডলার কমেছে। তাই সমিতির কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে দাম কমানো হয়েছে।’ তিনি বলেন, ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়লে বা কমলে দেশের বাজারে তা সমন্বয় করা হবে। এটি চলমান প্রক্রিয়া। আমিনুল ইসলাম জানান, স্বর্ণের গয়না বানাতে প্রতি ভরিতে শ্রমিকের মজুরি দুই হাজার টাকা এবং ২ শতাংশ হারে ভ্যাট দিতে হবে ক্রেতাদের।মূল্যহ্রাসের আগ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫৮ হাজার ৩২০ টাকা, ২১ ক্যারেট ৫৫ হাজার ৭৫৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ছিল ৪৭ হাজার ৮২২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ৩৫ হাজার ৫৭৫ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট রুপার দাম ছিল এক হাজার ৫১৬ টাকা।শুক্রবার থেকে ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম আগের দরের চেয়ে এক হাজার ১৬৭ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১৬৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা কমেছে। আর রুপার দাম কমছে ৫৮ টাকা।