দেশে হস্তশিল্পজাত পণ্যের রপ্তানি বেড়েছে
দেশে হস্তশিল্পজাত পণ্যের রপ্তানি বেড়েই চলেছে। গত ২০১৩-১৪ অর্থবছরে এই রপ্তানি প্রবৃদ্ধির হার হয়েছে ২২ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দেওয়া তথ্যানুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে মোট ৭৫ লাখ মার্কিন ডলারের হস্তশিল্পজাত পণ্য রপ্তানি হয়েছে। দেশীয় মুদ্রায় যার অর্থমূল্য ৫৮ কোটি ২৬ লাখ টাকা। ২০১২-১৩ অর্থবছরে এই খাত থেকে রপ্তানি আয় হয়েছিল ৬০ লাখ ১৬ হাজার ডলার, দেশীয় মুদ্রায় যা প্রায় ৪৭ কোটি ৮৫ লাখ টাকার সমান। তার আগে ২০১১-১২ অর্থবছরে এ খাতের রপ্তানির পরিমাণ ছিল ৪৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় ৩৭ কোটি ১৩ লাখ টাকা।
আলোচ্য অর্থবছরের জন্য এ রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৬৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার বা ৫২ কোটি ৬৬ লাখ টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি বেশি হয়েছে প্রায় ১১ শতাংশ।
রপ্তানি হওয়া হস্তশিল্পজাত পণ্যের মধ্যে নকশিকাঁথা, হাতে তৈরি ব্যাগ, শীতলপাটি, মাটির তৈজসপত্র ও খেলনা, কারপেট, বিভিন্ন ধরনের গয়না, সিল্ক, তাঁতে বোনা পোশাক, কাগজের রকমারি পণ্য উল্লেখযোগ্য।
ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে বিভিন্ন বেসরকারি উদ্যোগের কারণেই মূলত এ রপ্তানি বেড়েছে। এর ফলে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়বে।