দেশে ১০ বছরে দেড় গুণ হয়েছে হিমাগারের সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দশেক আগেও দেশে হিমাগারের সংখ্যা ছিল আড়াই শ। আলুর ভালো ফলন এবং আলু প্রক্রিয়াজাত নানা খাদ্য তৈরির কারণে বছরব্যাপী আলু সংরক্ষণের চাহিদা বাড়ে। তাই চাহিদা বাড়ে হিমাগারেরও।সে কারণে মাত্র ১০ বছরের ব্যবধানে হিমাগারের সংখ্যা দেড় গুণ বেড়ে এখন ৩৮৮টিতে দাঁড়িয়েছে। এই খাতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। ফলে দ্রুত বিকাশমান খাত হিসেবে ইতিমধ্যে দেশে হিমাগারশিল্প পরিচিতি পেয়ে গেছে।তবে এসব হিসাব দেখিয়ে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে, চাহিদা অনুযায়ী দেশে এখন পর্যাপ্ত হিমাগার রয়েছে। নতুন করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এ খাতে বিনিয়োগ করে, তাহলে বিদ্যমান হিমাগারগুলোর পাশাপাশি নতুন বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠিও দিয়েছে এই সমিতি।কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের হিসাবে, দেশে এখন ছোট-বড় ৩৮৮টি হিমাগার রয়েছে। নির্মাণাধীন আছে আরও ১০টির মতো হিমাগার। প্রতিটি হিমাগারে গড়ে কাজ করেন ২০ থেকে ৩০ জন শ্রমিক। তবে আলুর মৌসুমে হিমাগারে শ্রমিকের সংখ্যা অনেক বেড়ে যায়।জানা গেছে, বছরের মাত্র তিন মাস আলু উৎপাদিত হয়। বাকিটা সময় যে মানুষ আলু কিনতে পারেন, সেটা শুধুই হিমাগারের কল্যাণে। আলুর পাশাপাশি অনেক সবজি এবং ফলও এখন নিয়মিত হিমাগারে সংরক্ষণ করা হচ্ছে। এ কাজের মাধ্যমে অমৌসুমে এসব সবজি ও ফল বাজারে পাওয়া যাচ্ছে।সমিতির তথ্য অনুযায়ী, দেশের হিমাগারগুলোতে যত সবজি ও ফল সংরক্ষণ করা হয়, এর ৯০ থেকে ৯২ শতাংশই হচ্ছে আলু। চলতি মৌসুমে ৩৮০টি হিমাগারে প্রায় ৪০ লাখ টন আলু সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে আট থেকে ১০ লাখ টন বীজ আলু। বাকি ৮ থেকে ১০ শতাংশ হচ্ছে সবজি ও ফল। এর মধ্যে রয়েছে আপেল, মালটা, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ ও শুকনো মরিচ, তরমুজ। মূলত শহরকেন্দ্রিক কিছু হিমাগারেই সবজি ও ফল এবং নাটোর ও রাজশাহীর কিছু হিমাগারে আম, আমের জুস ও লিচুর জুস সংরক্ষণ করা হচ্ছে।কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘হিমাগারে যদি আলু সংরক্ষণ করা না হতো, তাহলে আলু বিদেশ থেকে আমদানি করতে হতো। মানুষকে তখন অনেক বেশি টাকা দিয়ে আলু কিনতে হতো।’ হিমাগারশিল্পকে অবশ্যই কৃষিভিত্তিক শিল্প হিসেবে বিবেচনা করার দাবি করেন তিনি।হিমাগার খাতের বড় সমস্যা হিসেবে ব্যাংকঋণের সুদহার বৃদ্ধি, পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়া এবং বিদ্যুৎ ও ডিজেলের মূল্য বৃদ্ধির কথা বলেছেন মালিকেরা। তাঁরা বলছেন, বাস্তবে কৃষিভিত্তিক শিল্প হলেও এর কোনো সুবিধাই হিমাগার খাতে দেওয়া হচ্ছে না। কয়েক মাস আগেও যেখানে ১২ শতাংশ হারে ব্যাংক থেকে ঋণ নেওয়া যেত, এখন দিতে হচ্ছে ১৭ থেকে ১৮ শতাংশ সুদ।তবে হিমাগারের মালিকদের বড় ক্ষোভ বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে। জসিম উদ্দিন বলেন, ‘আগে যেখানে বিদ্যুৎ বিল ও ডিজেল খরচ বাবদ আমাদের প্রতি মাসে চার থেকে আট লাখ টাকা ব্যয় হতো, এখন ব্যয় হচ্ছে ১৭ থেকে ১৮ লাখ টাকা।’ তিনি বলেন, হিমাগার চলে বছরের সাত-আট মাস। কিন্তু বিদ্যুতের বিল, শ্রমিকের মজুরি দিতে হয় সারা বছর। এ অবস্থায় সরকারের যথাযথ নীতি-সহায়তা না পেলে হিমাগার চালানো মুশকিল হয়ে পড়বে।