দেশে ১০ হাজার ডিজিটাল কেন্দ্র স্থাপন করা হবে
দেশের বিভিন্ন স্থানে ১০ হাজার ডিজিটাল কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্র থেকে জনসাধারণ স্বল্প খরচে বিভিন্ন বিল ও মাশুল পরিশোধ, ই-টিকিটিং, ই-কমার্স, বিমা-প্রিমিয়াম পরিশোধ, অনলাইন শেয়ার লেনদেন ইত্যাদি সেবা পাবেন।গত শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ডিজিটাল সেন্টারবিষয়ক এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান নির্বাহী পরিচালক এবতাদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব-উল-ইসলাম, এসএমই ফাউন্ডেশনের এমডি সৈয়দ রেজওয়ানুল কবির, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী। ডিজিটাল সেন্টারের ওপর গবেষণাপত্র তুলে ধরেন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক।অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অধিকাংশ মানুষকে ডিজিটাল কার্যক্রমে সম্পৃক্ত করা সম্ভব হবে। পাশাপাশি ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে অধিক মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা যাবে।