দেশে ৫৮ শতাংশ প্রতিষ্ঠানের কর শনাক্তকরণ নম্বর আছে
প্রতিবছর অর্ধেকের কিছু বেশি প্রতিষ্ঠান বা কোম্পানি তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দাখিল করে।সারা দেশে দেশি-বিদেশি মিলিয়ে বর্তমানে এক লাখ চার হাজার ৩০০টি কোম্পানি রয়েছে। এর মধ্যে ৬০ হাজার ১৫৮টি বা ৫৭ দশমিক ৬৮ শতাংশ কোম্পানির কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) আছে। অর্থাৎ এসব কোম্পানি প্রতিবছর আয়কর বিবরণী জমা দেয়।গতকাল বৃহস্পতিবার কোম্পানি করদাতাদের উদ্বুদ্ধকরণ সভায় এনবিআরের সাবেক সদস্য আমিনুর রহমান তাঁর উপস্থাপিত মূল প্রবন্ধে এ পরিসংখ্যান দেন। এনবিআর এ সভার আয়োজন করে।এনবিআরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা কর প্রদানে নানা অভিযোগের কথা তুলে ধরে জানান, করবান্ধব ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হলে আরও বেশি কোম্পানি করের আওতায় আসবে। এ জন্য সংশ্লিষ্ট আইনগুলো সহজ করার তাগিদ দেন তাঁরা। সভায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আইসিএবির সহসভাপতি শাহাদাত হোসেন কোম্পানির করসংক্রান্ত প্রবন্ধ উপস্থাপন করেন।আমিনুর রহমান তাঁর প্রবন্ধে বলেন, সারা দেশে প্রাইভেট লিমিটেড কোম্পানি রয়েছে এক লাখ দুই হাজার ৪১১টি। আর পাবলিক লিমিটেড কোম্পানির সংখ্যা এক হাজার ৭২৭। আর বিদেশি কোম্পানি ১৬২টি। এসব কোম্পানির কাছ থেকে ২০০৯-১০ অর্থবছরে নয় হাজার ৪৮৬ কোটি টাকা পাওয়া গেছে। একই বছর আয়কর খাত থেকে ১৭ হাজার ৪২ কোটি টাকা আদায় হয়েছে।প্রবন্ধে আরও বলা হয়, মোট করদাতার মাত্র ১ দশমিক ৮৪ শতাংশ কোম্পানি করদাতা। তবে মোট আয়করের ৫৫ দশমিক ৬৬ শতাংশই আসে কোম্পানির আয়কর থেকে।অন্যদিকে আইসিএবির সহসভাপতির মূল প্রবন্ধে বলা হয়, এনবিআর প্রতিটি কোম্পানির ২০ শতাংশ মোট লাভ ধরে করযোগ্য বলে বিবেচনা করে। কিন্তু প্রতিবছর প্রতিটি কোম্পানি ২০ শতাংশ লাভ করবে, এটাও সম্ভব নয়। নানা অভিযোগ: বড় কোম্পানিগুলোকে আস্থায় আনার পরামর্শ দিয়ে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি পারভীন মাহমুদ বলেন, করবান্ধব পরিবেশ দরকার। করদাতা ও কর আদায়কারীর মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি না করে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান মনিরুজ্জামান খন্দকার বলেন, কোনো কোম্পানির পরিচালক ক্ষমতাধর হলে তাঁদের ধরা হয় না। এ সংস্কৃতি পরিহার করতে হবে। তিনি বলেন, ‘সিএ ফার্মগুলো কি সত্যিই জানে, সংশ্লিষ্ট কোম্পানির পরিচালক কেমন জীবন যাপন করেন? তাঁরা কী ধরনের দামি গাড়ি চালান? হিসাব-নিকাশের সময় এসব বিষয় বিবেচনায় আনতে হবে।’এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমিন বলেন, ‘কর কর্মকর্তাদের দেখলে মনে হয়, আমরা এবারই শেষবারের মতো কর দিচ্ছি। পরে আমাদের আর খুঁজে পাওয়া যাবে না। ব্যক্তির ক্ষেত্রে এটা সম্ভব হলেও কোম্পানির ক্ষেত্রে সম্ভব নয়।’ করদাতাদের হয়রানি ঠেকাতে আবারও কর ন্যায়পাল নিয়োগের পরামর্শ দেন ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, বড় কোম্পানির পরিচালকেরা আয়কর বিবরণী জমা দেন বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ), আর যাচাই-বাছাই হয় বেতন সার্কেলে। এতে হয়রানি আরও বাড়ে।এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, করসংক্রান্ত আপত্তি নিরসনে আগামী জানুয়ারি থেকে বিকল্প বিরোধনিষ্পত্তি-ব্যবস্থা চালু হচ্ছে। এতে এনবিআরের কোনো কর্মকর্তা থাকবেন না। তিনি অভিমত দেন, এখনো প্রত্যক্ষ কর আদায় কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। ভবিষ্যতে আয়কর রাজস্ব আদায়ের প্রধান উৎস হতে হবে। এ জন্য আয়কর বিভাগকে শক্তিশালী করা হচ্ছে।