দেশে ৭৫টি ‘সমবায় ব্যাংক’কে চিহ্নিত করেছে এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমবায় ব্যাংক নামধারী প্রতিষ্ঠানগুলোর দিকে নজরদারি বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সারা দেশে সমবায়ের নামে ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে এমন ৭৫টি প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে এনবিআর।কেন্দ্রীয় সমবায় প্রতিষ্ঠান শ্রেণীতে বা ক্যাটাগরিতে নিবন্ধন নেওয়া এক হাজার সাতটি সমবায় প্রতিষ্ঠানের মধ্যে এসব প্রতিষ্ঠান নিজেদের নামের শেষে ‘ব্যাংক’ শব্দটি ব্যবহার করেছে। এসব প্রতিষ্ঠান আমানত সংগ্রহের পাশাপাশি ঋণ প্রদান করছে। কয়েক মাস ধরে এনবিআরের এক অভ্যন্তরীণ অনুসন্ধানে এসব প্রতিষ্ঠানের অস্তিত্ব বেরিয়ে এসেছে। চলতি ২০১২-১৩ অর্থবছর থেকে এসব প্রতিষ্ঠানকে করের আওতায় আনা হয়েছে। গত এপ্রিল মাসে সমবায় অধিদপ্তরের কাছে দেশে জাতীয় ও কেন্দ্রীয় পর্যায়ে কী পরিমাণ সমবায় সমিতি আছে তা জানতে চেয়ে এনবিআর চিঠি দেয়। এনবিআরের চিঠির জবাবে অধিদপ্তর জানায়, দেশে ২১টি জাতীয় ও এক হাজার ১০৭টি কেন্দ্রীয় পর্যায়ে সমবায় প্রতিষ্ঠান রয়েছে। সমবায় অধিদপ্তরের প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এনবিআর দেখেছে, কেন্দ্রীয় পর্যায়ে ৭৫টি প্রতিষ্ঠান সমবায় ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। এরপর চলতি বাজেটে অর্থলগ্নিকারী হিসেবে এসব প্রতিষ্ঠানকে করের আওতায় আনা হয়। প্রসঙ্গত, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক আয়করের হার সাড়ে ৪২ শতাংশ। কিন্তু সারা দেশে আনাচে-কানাচে এসব প্রতিষ্ঠান সমবায় ব্যাংকিং চালাচ্ছে। তাই গত আগস্ট মাসে এনবিআর এসব প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট কর অঞ্চলগুলোতে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানাসহ তালিকা পাঠিয়ে দিয়েছে। আর এসব প্রতিষ্ঠান নিয়মিত বার্ষিক আয়কর বিবরণী জমা দেয় কি না তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। এনবিআরের সদস্য কাদের সরকার প্রথম আলোকে জানান, যেসব সমবায় প্রতিষ্ঠান ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে তাদের অবশ্যই কর দিতে হবে। এত দিন সমবায় প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। এখন এসব প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।জানা গেছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৮টি প্রতিষ্ঠান সমবায় ব্যাংকিং চালাচ্ছে। এ ছাড়া চট্টগ্রামে ১৫টি, বরিশালে ১১টি, খুলনায় ১১টি, রংপুরে আটটি, রাজশাহীতে আটটি এবং সিলেটে চারটি এমন প্রতিষ্ঠান রয়েছে। বরিশাল অঞ্চলের প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দিন ধরে সমবায় ব্যাংকিং চালাচ্ছে বলে জানা গেছে। দেশের সবচেয়ে পুরোনো এমন প্রতিষ্ঠান হলো পটুয়াখালী সমবায় ব্যাংক লিমিটেড। এই প্রতিষ্ঠানটি ১৯১৬ সালের ২২ নভেম্বর নিবন্ধিত। সমবায় ব্যাংক নাম নিয়ে যেসব প্রতিষ্ঠান ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে তাদের মধ্যে অন্যতম হলো ঢাকা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড, নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড, নরসিংদী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড, মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড, সমবায় ব্যাংক লিমিটেড (খেপুপাড়া), সমবায় ব্যাংক লিমিটেড (দশমিনা), ঝালকাঠি কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড, বরগুনা সমবায় ব্যাংক লিমিটেড, সমবায় ব্যাংক লিমিটেড (ভোলা), সমবায় ব্যাংক লিমিটেড (পিরোজপুর), সমবায় ব্যাংক লিমিটেড (বরিশাল), সমবায় ব্যাংক লিমিটেড (মুলাদী), সমবায় ব্যাংক লিমিটেড (চাখার)। দেখা গেছে, প্রতিটি জেলায় একটি করে প্রতিষ্ঠান সমবায় ব্যাংকিং চালাচ্ছে। সমবায় অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশে জাতীয় পর্যায়ে ২১টি প্রতিষ্ঠান নিবন্ধিত। এর মধ্যে শুধু বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডই রয়েছে। এটি সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। কেন্দ্রীয় পর্যায়ে এক হাজার ১০৭টি প্রতিষ্ঠান নিবন্ধিত। এর সদস্যসংখ্যা এক লাখ ৩৩ হাজার ১৮৮। এসব প্রতিষ্ঠানের চলতি মূলধন এক হাজার ২৬ কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি প্রতিষ্ঠানই ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে। সারা দেশে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ছোট ছোট সমবায় প্রতিষ্ঠান রয়েছে এক লাখ ৬৩ হাজার ৪০৮টি। এসব প্রতিষ্ঠানের চলতি মূলধন এক হাজার ৯০৯ কোটি টাকা। এর মধ্যে কতটি ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে তা এখনো জানতে পারেনি এনবিআর।সমবায়ের মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মূলধন খাতভিত্তিক বিনিয়োগ করা।