সারা দেশে আট লাখ ৩০ হাজার ৩০৬টি কুটিরশিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে ২৯ লাখ ৬২ হাজার ৭২৫ জন ব্যক্তি কাজ করেন। বাংলাদেশে দুই হাজার ৩৫৮ কোটি টাকার সম্পদ রয়েছে এই শিল্পে।তবে কুটিরশিল্পে ৭১ শতাংশ বা ২১ লাখ ১৭ হাজার জন কর্মীই পুরুষ। আর নারী কর্মীর সংখ্যা সাত লাখ ৩৭ হাজার ৬৫৯ বা ২৪ দশমিক ৯ শতাংশ। আশঙ্কাজনক দিক হলো কুটিরশিল্পে এক লাখ সাত হাজার ৮২১ জন শিশু কর্মী রয়েছে। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে কুটিরশিল্পের এই চিত্র উঠেছে। নয়জন পর্যন্ত ব্যক্তি কাজ করেন এবং তা উৎপাদনমুখী এমন প্রতিষ্ঠানই কুটিরশিল্প হিসেবে বিবেচনা করেছে বিবিএস। বিবিএসের জরিপে আরও দেখা গেছে, সাতটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি দুই লাখ ৫০ হাজার ১১২টি কুটিরশিল্প রয়েছে ঢাকায়। আর সবচেয়ে কম ২৭ হাজার ৭৯১টি কুটিরশিল্প রয়েছে সিলেটে। আর শহরের চেয়ে পল্লি অঞ্চলে তুলনামূলক বেশি কুটিরশিল্প গড়ে উঠেছে। ৫৬ শতাংশ কুটিরশিল্পই পল্লি অঞ্চলে রয়েছে। ব্যক্তিমালিকনায় এই কুটিরশিল্পে বিনিয়োগ হয়েছে দুই হাজার ২৫৯ কোটি টাকা। ৯৬ শতাংশ কুটিরশিল্পই গড়ে উঠেছে ব্যক্তিমালিকানায়। আর অংশীদারি ভিত্তিতে ৮৩ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। বিনিয়োগকৃত অর্থের প্রায় ৪১ শতাংশই ব্যয় হয়েছে যন্ত্রপাতি কেনায়। তবে দেশের কুটিরশিল্পগুলোর মধ্যে প্রায় ৬৫ শতাংশ বা পাঁচ লাখ ৩৯ হাজার ৭৩২টি প্রতিষ্ঠানের কোনো নিবন্ধন নেই। তার মানে, এ দেশে কুটিরশিল্প আইনি ভিত্তির মধ্যে এখনো যথেষ্টভাবে প্রবেশ করেনি। এসব কুটিরশিল্প অনানুষ্ঠানিকভাবে পরিচালিত হচ্ছে। স্থানীয় পর্যায়ে ব্যক্তিমালিকানায় পারিবারিক উদ্যোগে এসব প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। জরিপে উঠেছে এসেছে ২০০৯-১০ অর্থবছরে এই শিল্প থেকে ৯২৮ কোটি টাকার মূল্য সংযোজন হয়েছে। দেশের কুটিরশিল্প-সংক্রান্ত জরিপ সম্পর্কে জানতে জাইলে বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘আমরা মূলত দেশের কুটিরশিল্পের ধরনটি জানতে চেষ্টা করেছি। এতে এই শিল্পটিকে সহায়তা দেওয়ার পরিকল্পনা সহজ হবে। কেননা, গ্রামেগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব শিল্প আমাদের গ্রামীণ অর্থনীতির প্রাণ।’ বিতর্ক: কুটিরশিল্পের সংজ্ঞা ও সংখ্যা নিয়ে বির্তক রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবের সঙ্গে মিল নেই বাংলাদেশ ক্ষুদ্র ও কটিরশিল্প করপোরেশনের (বিসিক) হিসেবে। বিবিএসের জরিপে আট লাখ ৩০ হাজার কুটিরশিল্প থাকলেও বিসিকের হিসাবে তা ছয় লাখ ৪০ হাজার ৯৩৯। আর এগুলো পারিবারিক পর্যায়ে সীমিত। সংজ্ঞা নিয়েও রয়েছে নানামুখী বিতর্ক। সর্বশেষ শিল্পনীতি অনুযায়ী, পাঁচ লাখ টাকার কম বিনিয়োগ হবে এবং পারিবারিক সদস্যের সমন্বয়ে সদস্যসংখ্যা অনধিক ১০ জন হবে, এমন প্রতিষ্ঠানই কুটিরশিল্প হিসেবে সংজ্ঞায়িত হবে। শিল্পনীতির সংজ্ঞায় কুটিরশিল্পে অবশ্যই উদ্যোক্তার পরিবারের একজন সদস্যকে কর্মী হিসেবে থাকা বাধ্যতামূলক।কিন্তু বিবিএসে সর্বশেষ পরিচালিত সমীক্ষার সংজ্ঞা অনুযায়ী, কুটিরশিল্প প্রতিষ্ঠানকেই অবশ্যই পণ্য উৎপাদন করতে হবে। আর কর্মীসংখ্যা নয়জন বা তার কম হতে হবে।