দেশেই মোটরসাইকেল উৎপাদনের কারখানা করছে টিভিএস

দেশেই মোটরসাইকেল উৎপাদনে যাচ্ছে টিভিএস অটো বাংলাদেশ। এ জন্য গাজীপুরের টঙ্গীতে কারখানা নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। এখানে বছরে এক লাখ মোটরসাইকেল উৎপাদনের জন্য প্রয়োজনীয় সব প্রযুক্তি ও স্থাপনা থাকবে।
চলতি বছরের শেষ নাগাদ কারখানার নির্মাণকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করছেন টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হোসেইন। তিনি বলেন, টিভিএস তার দীর্ঘ সংযোজনী ও বিপণন অভিজ্ঞতার আলোকে স্থানীয়ভাবে মোটরসাইকেল উৎপাদন করতে পারলে মূল্য কমবে, গুণগত মান, বিতরণ সুবিধা, বিক্রয়োত্তর সেবাসহ অন্য সুযোগ-সুবিধা বাড়বে।
মোটরসাইকেল বিক্রির হিসাবে দেশের বাজারে বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে টিভিএস ব্র্যান্ড। ভারতীয় এই ব্র্যান্ডের মোটরসাইকেল ২০০৭ সাল থেকে বাংলাদেশে বাজারজাত করছে দেশীয় শিল্পগোষ্ঠী সনি-র্যাংগস গ্রুপ। টঙ্গীতে টিভিএস অটো বাংলাদেশ নামে যৌথ অংশীদারভিত্তিক একটি মোটরসাইকেল সংযোজন কারখানা আছে। সেখানেই মোটরসাইকেল উৎপাদনের কারখানা করছে তারা।
টিভিএস অটো বাংলাদেশ জানায়, টিভিএসের মূল প্রতিষ্ঠান টিভিএস অ্যান্ড সন্স ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। গত ২০১৬-১৭ অর্থবছরে ২৯ লাখ মোটরসাইকেল বিক্রি করে সর্বোচ্চ বিক্রির মাইলফলক অর্জন করেছে। গত নয় বছরে বাংলাদেশের ২০ শতাংশ বাজার হিস্যা দখল করে নিয়েছে টিভিএস ব্র্যান্ড। বাজারে বর্তমানে ১০টির বেশি মডেলের মোটরসাইকেল আছে টিভিএস ব্র্যান্ডের। ঢাকা, খুলনা, সিলেট, রংপুরসহ দেশের বিভিন্ন বড় শহরে টিভিএসের বিক্রয়কেন্দ্র আছে।
টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হোসেইন বলেন, মোটরসাইকেল উৎপাদন একটি ক্রমবর্ধমান শিল্প। বাইকের চাকা দুটি হলেও সম্ভাবনা অনেক। দেশে বর্তমানে গড় বার্ষিক চাহিদা দুই লাখের বেশি থাকলেও এবার তিন লাখের বেশি হতে পারে। তিনি বলেন, উন্নতমানের পণ্য উৎপাদনের জন্য দক্ষ জনশক্তি দরকার। সে জন্য টিভিএস ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
একরাম হোসেইন আরও বলেন, মোটরসাইকেল শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য একটি সুষ্ঠু নীতিমালা দরকার। নীতিমালায় স্থানীয়ভাবে মোটরসাইকেল উৎপাদনকে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে কী ধরনের প্রণোদনা দেওয়া হয়, তার ওপর বাজার সম্প্রসারণ নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।